২৬ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সাংবাদিক আক্রান্তের ঘটনায় সিলেট জেলা প্রেসক্লাবের উদ্বেগ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৫ এপ্রিল, ২০২৬ ৭:২৭ অপরাহ্ন


সিলেটে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।


রোববার (৫ এপ্রিল) গণম্যাধমে পাঠানো সংগঠনটির সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, নগরীতে অপরাধপ্রবণতা ও ছিনতাই বেড়ে যাওয়ায় জননিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

বিবৃতিতে প্রেসক্লাব নেতারা জানান, নগরজুড়ে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করে সংঘবদ্ধ চক্রের ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। পুলিশি টহল ও চেকপোস্ট বসানো সত্ত্বেও দিবালোকে কিংবা রাতের আধারে ছিনতাইয়ের ঘটনা ঘটছে, যা নগরীর অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিরই ইঙ্গিত দেয়।

প্রেসক্লাব নেতারা বলেন, গতকাল ৪ এপ্রিল সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য রায়হান উদ্দিন এবং ক্লাবের সাবেক সদস্য ওহী আলম রেজা ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় রায়হান উদ্দিনকে গুরুতরভাবে জখম করা হয়। অন্য ঘটনায় ওহী আলম রেজার শিশু সন্তানের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। 

এসব ঘটনায় জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন নেতারা। 

বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে বলা হয়, এ ক্ষেত্রে বাহিনীর ভূমিকা ইতিবাচক দৃষ্টিতে দেখা যাচ্ছে না। পবিত্র এই নগরীতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রেসক্লাব নেতারা।

তারা আরও বলেন, ঘটনাগুলোকে কোনোভাবেই ভিন্ন খাতে প্রবাহিত করার সুযোগ নেই। স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করা যাবে না বলেও উল্লেখ করেন তাঁরা।

বিবৃতিতে বলা হয়, একটি সুন্দর নগরী গড়ে তুলতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অপরিহার্য। সাংবাদিকদের ওপর হামলাসহ সাম্প্রতিক সব ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানায় সিলেট জেলা প্রেসক্লাব।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকের ওপর হামলা, সিলেট জেলা প্রেসক্লাব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ