০২ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ এপ্রিল, ২০২৬ ১২:২০ পূর্বাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনতলা রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা যায়- রাতে সিলেট অভিমুখী ৯৫১ নং তেলের গাড়ি মনতলা স্টেশন পার হয়ে একটি ব্রিজের কাছে ৫টি বগি লাইনচ্যুত হয়। এসময় একটি বগি খালে পড়ে যায়।

মনতলা রেলওয়ে স্টেশনের ম্যানেজার আতাউর রহমান খাদেম জানান, মনতলা স্টেশন অতিক্রম করার পর ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এখনো উদ্ধারকারী ট্রেন আসেনি ফলে উদ্ধার কাজ এখনো শুরু হয়নি। 

এদিকে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর স্থানীয়দের তেল নেয়ার হিড়িক পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর বিকট শব্দে একাধিক বগি রেললাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিছু বগি পাশের জমিতে পড়ে থাকতে দেখা যায়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে এবং এর পর থেকেই সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম শুরুর প্রস্তুতি নেয়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ট্রেনের বগি থেকে তেল নিচে পড়ে যাওয়ায় স্থানীয় লোকজন তেল সংগ্রহ করতে ঘটনাস্থলে ভিড় জমায়, যা নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

রেল যোগাযোগ বন্ধ থাকায় সিলেটগামী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, তেলবাহী ট্রেন, লাইনচ্যুত,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ