শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে রাজনীতির বাইরে রাখতে হবে: হুইপ জিকে গউছ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৬ মার্চ, ২০২৬ ১১:০১ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. জি কে গউছ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষকদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে দলীয় লেজুরভিত্তিক রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় হবিগঞ্জ শহরের যোগেন্দ্র কিশোর ও হরেন্দ্র কিশোর (জে কে এন্ড এইচ কে) হাইস্কুল এন্ড কলেজের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কুল কর্তৃপক্ষ, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, বিগত সরকারের সময় লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করে শিক্ষা ব্যবস্থার ক্ষতি করা হয়েছে। আগামীতে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভালো ফলাফল নিশ্চিতে শিক্ষকদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।
হুইপ জি কে গউছ আরও বলেন, জে কে এন্ড এইচ কে হাইস্কুলের ঐতিহ্য ধরে রেখে এটিকে জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। অবকাঠামোগত উন্নয়নেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয় এমন কোনো কিছু বরদাশত করা হবে না। শিক্ষকদের দায়িত্ব পালনে গাফিলতি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। এছাড়া শিক্ষামন্ত্রীকে প্রতিষ্ঠানটি পরিদর্শনে আনার আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। সঞ্চালনা করেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সৈয়দ মিছবাহ উদ্দিন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এম জি মাওলা। এছাড়া বক্তব্য দেন প্রধান শিক্ষক শাহ মোঃ আবুল হাসান, শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব সফিকুর রহমান সিতু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুস শহিদ মামুন, শায়েস্তানগরের পঞ্চায়েত সর্দার সহিদুর রহমান লাল, মোহনপুরের পঞ্চায়েত সর্দার মঈনুল ইসলামসহ প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা স্কুলের সার্বিক উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ, অবকাঠামো উন্নয়ন, খেলার মাঠ ও জলাশয় সংস্কার এবং শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে হুইপ হিসেবে নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মোঃ জি কে গউছকে স্কুল কর্তৃপক্ষ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিভিন্ন ব্যাচের পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় তিনি স্কুলে পৌঁছালে স্কাউট দল তাকে অভিবাদন জানায় এবং ফুল দিয়ে বরণ করে নেয়।
হবিগঞ্জ, হুইপ, জিকে গউছ, শিক্ষা