২৭ মে ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে এক বছরে যক্ষ্মা রোগী বেড়েছে প্রায় দুই হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ মার্চ, ২০২৬ ২:০২ অপরাহ্ন


সিলেট বিভাগে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। এক বছরের ব্যবধানে বিভাগটিতে নতুন রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দুই হাজার। মঙ্গলবার (২৪ মার্চ) বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

 

এতে দেখা গেছে, ২০২৫ সালে সিলেট বিভাগে যক্ষ্মা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৭৬১ জনে। এর আগের বছর ২০২৪ সালে এই সংখ্যা ছিল ২২ হাজার ২২ জন। অর্থাৎ এক বছরে রোগী বেড়েছে ১ হাজার ৭৩৯ জন।

 

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সারাদেশে ৩৪ লাখেরও বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ লাখ ২২ হাজার ৮৫০ জনের শরীরে যক্ষ্মা শনাক্ত হয়েছে।

 

বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে—৯২ হাজার ২৭১ জন। এরপর চট্টগ্রামে ৫৯ হাজার ৭৯১ জন, রাজশাহীতে ৩৭ হাজার ৭০৪ জন, খুলনায় ৩৩ হাজার ৪০৪ জন, রংপুরে ৩২ হাজার ৮৪৯ জন, বরিশালে ১৯ হাজার ১০৭ জন, সিলেটে ২৩ হাজার ৭৬১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৩ হাজার ৬০০ জনের যক্ষ্মা শনাক্ত হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, দেশে যক্ষ্মা পরিস্থিতির কিছু ইতিবাচক দিকও রয়েছে। ২০১৫ সালে যেখানে প্রতি লাখে যক্ষ্মায় মৃত্যুর হার ছিল ৪২ জন, সেখানে ২০২৪ সালে তা কমে দাঁড়িয়েছে ২৫ জনে।

 

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে, আমরাই পারবো যক্ষ্মা নির্মূল করতে’। সিলেটেও অন্যান্য অঞ্চলের মতো দিবসটি পালন করা হলেও,স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে নিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

যক্ষ্মা দিবস, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ