
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২৫ রমজানের মধ্যে সকল প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ পূর্ণ উৎসব বোনাস দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ।
এই দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১০ মার্চ) রাতে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি। রাত ১০টার দিকে নগরীর সুরমা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জিন্দাবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহ্বায়ক শুভ আজাদ (শান্ত), সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মনির হোসেন, সাবেক সহসভাপতি মীর মোহাম্মদ জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমান আলী, বাবনা আঞ্চলিক কমিটির সহসভাপতি আনোয়ার হোসেন, সিলেট সদর উপজেলা স’মিল শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মিলন মিয়া, সহসভাপতি লুৎফুর রহমান, মীরেরচক শ্রমজীবী সংঘের আহ্বায়ক আলী আহমদ এবং সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের নেতা শাহীন মিয়া।
বক্তারা জানান, দেশে অধিকাংশ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের প্রতি বছর ঈদ এলেই বেতন ও বোনাস আদায়ের জন্য আন্দোলনে নামতে হয়। উৎসব বোনাস শ্রমিকদের আইনি অধিকার হলেও অনেক মালিক নানা অজুহাতে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেন।
তারা বলেন, শ্রমমন্ত্রী ১২ মার্চের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি ও উৎসব বোনাস পরিশোধের আহ্বান জানালেও বাস্তবে তা কার্যকর করতে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির চাপে শ্রমিক–কৃষকসহ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
বক্তারা ২৫ রমজানের মধ্যে সকল শ্রমিকের বকেয়া মজুরি পরিশোধ, পূর্ণ উৎসব বোনাস এবং সবেতন ছুটি নিশ্চিত করতে সরকার, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
ঈদ বোনাস দাবি, সিলেট শ্রমিক বিক্ষোভ, ট্রেড ইউনিয়ন সংঘ, শ্রমিক বেতন বোনাস, সিলেট শ্রমিক আন্দোলন


