
বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সারা দেশের মধ্যে একটি দৃষ্টান্ত হিসেবে সিলেটকে গড়ে তুলতে চান। অপরাধ দমনে শিগগিরই সিলেট নগরীকে অত্যাধুনিক আইপি ক্যামেরার আওতায় আনা হবে বলেও তিনি জানান।
মঙ্গলবার (১০ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের দেশ এখনও সম্পদে সীমিত। তবুও যে সম্পদ ও সক্ষমতা রয়েছে, তা দিয়েই সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে হবে।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসমুক্ত ও শান্তির নগর হিসেবে সিলেটকে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যেই সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাসমুক্ত সিলেট গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে পর্যাপ্ত যানবাহন, আবাসন সুবিধাসহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (উত্তর ও দক্ষিণ), সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সভায় উপকমিশনারবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর খাদিমপাড়া ইউনিয়নের খাদিমপাড়া বিসিক শিল্পনগরী থেকে ইসলামের হাওর পর্যন্ত ললীছড়া খালখনন কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় তাঁর সঙ্গে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মোনাজাত করা হয়।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট খবর, খন্দকার আব্দুল মুক্তাদির, আইপি ক্যামেরা সিলেট, এসএমপি মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা উন্নয়ন


