০৪ মে ২০২৬

দৈনন্দিন

সবাই সচেতন না হলে সিসিকের একার পক্ষে নগরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ মার্চ, ২০২৬ ৪:২৫ অপরাহ্ন


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, 'নগরবাসীর সম্মিলিত সহযোগিতা ছাড়া একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়। নগরকে পরিষ্কার রাখতে সিটি কর্পোরেশনের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন, কিন্তু অনেকেই এখনও যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছেন। ফলে নগরের বিভিন্ন স্থান মশার আবাসস্থলে পরিণত হচ্ছে।'

মঙ্গলবার (১০ মার্চ) সকালে সিসিক আয়োজিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব মন্তব্য করেন। উদ্বোধনের আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র‍্যালিও বের করা হয়। র‍্যালিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'প্রত্যেক নাগরিককে নিজের ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখতে হবে। ব্যবসায়ীদেরও সচেতন হতে হবে, যাতে তারা রাস্তাঘাট বা ড্রেনে ময়লা না ফেলেন।'

উদ্বোধন শেষে সিসিক প্রশাসক দাড়িয়াপাড়া এলাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি কয়েকটি বাসার আশপাশে ময়লা-আবর্জনার স্তুপ দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি আরও বলেন, 'মশক নিধন কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, তবে সবাই সচেতন না হলে সিটি কর্পোরেশনের একার পক্ষে নগরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়।'

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব বিশ্বজিত দেব, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিসিক, পরিচ্ছন্ন সিলেট, মশক নিধন, সিটি কর্পোরেশন অভিযান, নগর পরিচ্ছন্নতা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ