২১ এপ্রিল ২০২৬

রাজনীতি / সরকার

ফ্যামিলি কার্ডের টাকা পেলেন সুনামগঞ্জের ৫১৭ পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ মার্চ, ২০২৬ ২:৫০ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ৫১৭টি পরিবার আর্থিক সহায়তা পেয়েছে। তালিকায় মোট ৬৯৭ জন নারীর নাম থাকলেও কাগজপত্রে ত্রুটি থাকায় ১৮০টি পরিবার প্রথম ধাপে এ সুবিধা পাচ্ছে না।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ৬৯৭ জন নারীর মধ্যে যাদের বিকাশ বা ব্যাংক হিসাব ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সম্পন্ন হয়েছে, তাদের ৫১৭ জনের অ্যাকাউন্টে প্রথম ধাপে ২ হাজার ৫০০ টাকা করে জমা দেওয়া হচ্ছে।

অন্যদিকে কাগজপত্রে বিভিন্ন ধরনের ত্রুটি থাকায় ১৮০টি পরিবার আপাতত এই অর্থ সহায়তা পাচ্ছে না। সংশ্লিষ্টরা জানান, প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন ও যাচাই শেষে পরবর্তী ধাপে তাদেরও এই কর্মসূচির আওতায় আনা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি উপকারভোগীদের হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, 'নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেই বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।'

তিনি বলেন, 'ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় গৃহবধূদের নামে কার্ড ইস্যু করা হবে এবং নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এ অর্থ পাওয়া যাবে, যা পরিবার পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াবে।'

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নাসির চৌধুরী, সুনামগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ–১ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ ফ্যামিলি কার্ড, দিরাই সংবাদ, সামাজিক সুরক্ষা কর্মসূচি, নারীর আর্থিক সহায়তা, খন্দকার মুক্তাদির

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ