০৪ মে ২০২৬

দৈনন্দিন

ছাতকে জামায়াতের সেলাই মেশিন ও রমজান ফুডপ্যাক বিতরণ

প্রতিনিধি, ছাতক, সুনামগঞ্জ

প্রকাশঃ ৭ মার্চ, ২০২৬ ১:৪৫ অপরাহ্ন


সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ এবং পবিত্র রমজান উপলক্ষে অসচ্ছল পরিবারের মধ্যে ফুডপ্যাক উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন শাখার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর ১২ জন কর্মক্ষম ব্যক্তির হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। পাশাপাশি ২০০টি অসচ্ছল পরিবারের মধ্যে সেহরি ও ইফতার সামগ্রী সম্বলিত রমজান ফুডপ্যাক বিতরণ করা হয়।

ছাতক সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কবির আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মিজানুর রহমান হাসনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল বলেন, 'ইসলামী আদর্শের মূল লক্ষ্যই হচ্ছে মানবকল্যাণ নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই আদর্শকে সামনে রেখে দীর্ঘদিন ধরে দেশের দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। সমাজে অর্থনৈতিক বৈষম্য কমানো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলাই ইসলামী আন্দোলনের অন্যতম উদ্দেশ্য।'

তিনি আরও বলেন, 'দারিদ্র্য, দুর্নীতি ও অবিচারমুক্ত একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। কুরআনের ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের প্রকৃত স্বাধীনতা, ন্যায়বিচার ও শান্তি নিশ্চিত হবে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবী ও এসপিপিএম আদর্শ দাখিল মাদ্রাসার সাবেক সহ-সুপার মাওলানা আবু ছালেহ মুহাম্মদ নোমান এবং বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় আহ্বায়ক ও ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসেন। ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ছাতক সংবাদ, সুনামগঞ্জ, জামায়াত, সেলাই মেশিন বিতরণ, রমজান ফুডপ্যাক, ছাতক উপজেলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ