
সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা বলেছেন, নতুন সরকারের বয়স মাত্র কয়েকদিন। আপনারা যে প্রত্যাশা নিয়ে ধানের শীষে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আগামী ৫ বছর হবে উন্নয়ন, অগ্রগতি আর মানুষের অধিকার প্রতিষ্ঠার বছর।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ দুর্নীতি বা দখলবাজীর সঙ্গে যুক্ত হবেন না। আমরা এই জনপদকে দুর্নীতিমুক্ত করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এজন্য দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন।
তাহসিনা রুশদী লুনা বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন এম. ইলিয়াস আলীর উন্নয়নের ধারা অব্যাহত রাখার দায়িত্ব দিয়ে। ইতোমধ্যে খাল খনন, রাস্তাঘাট সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যখাত, শিক্ষা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বিশ্বনাথ ও ওসমানীনগরকে আমরা শান্তি, মানবিকতা ও উন্নয়নের মডেল জনপদ হিসেবে গড়ে তুলবো।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিলু মিয়া ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও এম. ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী এবং জেলা বিএনপির সদস্য ও ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। স্বাগত বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম এবং উপজেলা আল ইসলাহর সেক্রেটারি মাওলানা মাহবুবুল ইসলাম।
ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং নিখোঁজ এম. ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা উলামা দলের সমন্বয়ক মাওলানা মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
তাহসিনা রুশদী লুনা, বিশ্বনাথ বিএনপি ইফতার, ইলিয়াস আলী, সিলেট-২ এমপি, বিশ্বনাথ রাজনীতি


