০৪ মে ২০২৬

দৈনন্দিন

সিলেট জেলা স্টেডিয়ামে এককভাবে ফুটবল ফেডারেশনকে বরাদ্দের প্রতিবাদে স্মারকলিপি

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৫ মার্চ, ২০২৬ ৪:২০ অপরাহ্ন


সিলেট জেলা স্টেডিয়ামে এককভাবে কোনো একটি ফেডারেশনকে বরাদ্দ না দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন ও সিলেট জেলা ক্লাব সমিতি। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, সিলেট জেলা স্টেডিয়াম মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এককভাবে বরাদ্দ দেওয়ার যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে এবং একই সঙ্গে অন্য খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটের জন্য মাঠ বরাদ্দ না দেওয়ার যে আভাস পাওয়া যাচ্ছে, তা সিলেটের ক্রীড়াঙ্গনের জন্য মারাত্মক ক্ষতিকর ও অগ্রহণযোগ্য।

স্মারকলিপিতে ক্রীড়া সংগঠকেরা উল্লেখ করেন, মহান স্বাধীনতার পর থেকে সিলেট জেলা স্টেডিয়াম মাঠে ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিকস, ভলিবলসহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলাধুলা নির্ধারিত ক্রীড়াপঞ্জি অনুযায়ী অনুষ্ঠিত হয়ে আসছে। জেলা ক্রীড়া সংস্থার আওতাধীন বিভিন্ন ক্লাবের খেলাধুলা ছাড়াও সরকারি নানা ক্রীড়া কার্যক্রমও এই মাঠেই আয়োজন করা হয়।

ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা জানান, সিলেট জেলা স্টেডিয়াম জেলার ক্রীড়াঙ্গনের একমাত্র কার্যকর ও স্বীকৃত ভেন্যু। এই মাঠ যদি এককভাবে কোনো একটি ফেডারেশন বা নির্দিষ্ট খেলাধুলার জন্য বরাদ্দ দেওয়া হয়, তবে জেলা ক্রীড়া সংস্থার অধিভুক্ত ক্লাবগুলোর প্রতি চরম অবিচার করা হবে।

স্মারকলিপিতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার আওতাধীন ক্লাবসমূহ জেলা স্টেডিয়াম মাঠ এককভাবে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা বাতিল করে আগের মতো সব খেলাধুলার জন্য মাঠ উন্মুক্ত রাখার দাবি জানান। একই সঙ্গে এ দাবি বাস্তবায়ন না হলে সিলেটের ক্রীড়াঙ্গনের স্বার্থে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তাঁরা।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ফেরদৌস চৌধুরী রুহেল, হানিফ আলম চৌধুরী, আহমদ জুলকারনাইন, মোস্তফা কামাল পাশা মওদুদ, মোহাম্মদ বদরুদ্দোজা বদর, হাজী মিলাদ আহমদ, আশরাফ আরমান, খালেদ মাহমুদ ইমন, ফরহাদ কোরেশী, জাতীয় খেলোয়াড় এটিএম খালেদ আহমদ, ইমরান আলী এনাম, রানা মিয়া, নাসির বক্স, শাকিল আহমদ ও মিন্টু সিংহসহ অন্যান্যরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট জেলা স্টেডিয়াম, সিলেট ক্রীড়াঙ্গন, স্মারকলিপি সিলেট, সিলেট জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন, সিলেট জেলা ক্লাব সমিতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ