এক দিন বেড়ে ঈদে টানা ৭ দিন ছুটি চাকরিজীবীদের
রাজনীতি
প্রকাশঃ ৫ মার্চ, ২০২৬ ১:৪৫ অপরাহ্ন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটি এক দিন বাড়িয়েছে সরকার। নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ অতিরিক্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শবে কদর ও ঈদের ছুটি মিলিয়ে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের জানান, আগামী ১৭ মার্চ পবিত্র শবে কদরের নির্ধারিত ছুটির পরদিন ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারি চাকরিজীবীরা বাড়তি ছুটির সুবিধা পাবেন।
ছুটির সূচি অনুযায়ী, ১৭ মার্চ পবিত্র শবে কদর এবং ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে ছুটি থাকবে। ফলে ১৬ মার্চ অফিস করার পর থেকেই সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু হবে।
ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকবে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় আবারও টানা তিন দিনের ছুটি মিলবে।
ঈদের ছুটি ২০২৬, সরকারি ছুটি ঘোষণা, ঈদুল ফিতর ছুটি, শবে কদর ছুটি, মন্ত্রিসভার সিদ্ধান্ত