
ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে উল্লেখ করে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, মা জাতিরা মেধা প্রজ্ঞা ও দক্ষতার মাধ্যমে সকল ক্ষেত্রে অবদান রেখে এগিয়ে যাচ্ছেন।এটা দেশ ও নারী সমাজের জন্য সত্যি গর্বের ও প্রশংসনীয়।
কমিশনার বলেন, নারীরা একা এগিয়ে যেতে পারেন না; তাদের পেছনে পুরুষদের অবদান রয়েছে। সমাজের প্রতিকূলতা ও নানা বাধা অতিক্রম করে যেসব নারী শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ, উদ্যোক্তা কার্যক্রম ও সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে চলেছেন, তারা সত্যিই অনুকরণীয়।
বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘অদম্য নারী পুরস্কার’ কার্যক্রমের আওতায় আয়োজিত সিলেট বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিভাগীয় কমিশনার বলেন, তাদের অদম্য সাহস, অধ্যবসায় ও আত্মবিশ্বাস অন্য নারীদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। তিনি বলেন, নারীদেরকে আরো স্বাবলম্বী করতে সরকারি ভাবে সহাযোগিতা অব্যাহত রয়েছে। তিনি নারী-পুরুষ সম্মিলিত ভাবে দেশ গড়ার অঙ্গিকার নিয়ে কাজ করার আহবান জানান।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আশিক উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার।
মহিলা অধিদপ্তর সিলেটের চাইল্ড রাইটস্ অফিসার প্রিয়াংকা দাস রায় ও জেলা কালচার অফিসার জ্যোতি সিনহার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে ‘অদম্য নারী পুরস্কার’ শীর্ষক কার্যক্রমের আওতায় ৫টি ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নারীদের সম্মাননা ক্রেস্ট, নগদ ২৫ হাজার টাকা ও সনদপত্র প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সিলেটের বিয়ানীবাজার উপজেলারে কলসুমা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মৌলভীবাজার সদরে মোছাম্মাৎ আমিনা বেগম, সফল জননী হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোছাঃ রহিমা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাঞ্চন বেগম, এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য সিলেট নগরীর রিফাত আরা রিফা।
এছাড়াও সিলেট বিভাগীয় পর্যায়ে রানার্সআপ অদম্য নারী অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মৌভীবাজারের সায়রা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সিলেটের চিরশ্রী পৈত্য, সফল জনন নারী সিলেটের গুলরাজ বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী মৌলভীবাজারের আয়শা আক্তার মুক্তা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সুনামগঞ্জের খাদিজা বেগমকে নগদ ৫ হাজার টাকা ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট, অদম্য নারী পুরস্কার, নারী অগ্রযাত্রা, বিভাগীয় কমিশনার


