২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

দেশ আবার একদলীয় শাসনের দিকে যাচ্ছে কি না প্রশ্ন নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ মার্চ, ২০২৬ ৭:০০ অপরাহ্ন

ছবিঃ নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, দেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আবারও দলীয়করণের পথে যাচ্ছে কি না এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি বলেন, দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে গণতন্ত্র থেকে আবার একদলীয় শাসনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

বুধবার (৪ মার্চ) সিলেটে জাতীয় নাগরিক পার্টির দলীয় ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সিলেট সব সময় ঐক্যের রাজনীতির উদাহরণ তৈরি করেছে। জাতীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘাত থাকলেও সিলেটে অনেক সময় ভিন্ন চিত্র দেখা গেছে। ভবিষ্যতেও সিলেটের এই ঐক্যের রাজনীতি অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে দেশের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সামনে যে রাজনৈতিক লড়াই আসবে, সেখানে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে।

রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিয়ে নানা প্রশ্ন উঠছে। দুদক একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হলেও অতীতে কখনোই সেটি পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, সম্প্রতি দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট জবাবদিহিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। সংসদে এ বিষয়ে কথা বলা হবে বলেও জানান নাহিদ ইসলাম।

বক্তব্যে তিনি আরও বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। সিলেটবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে দল থেকে যে নির্দেশনা আসবে তা বাস্তবায়নে সবাইকে প্রস্তুত থাকতে হবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, নাহিদ ইসলাম, এনসিপি, ইফতার মাহফিল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ