২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ না করার আহ্বান সারজিস আলমের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ মার্চ, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ন

ছবিঃ সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।

বুধবার (৪ মার্চ) সিলেটে জাতীয় নাগরিক পার্টির দলীয় ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে সারজিস আলম বলেন, রাষ্ট্রের প্রয়োজন ও নিরাপত্তার স্বার্থে দেশের দায়িত্বশীল ব্যক্তিরা যে কোনো দেশে সফর করতে পারেন। তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতো সংস্থাগুলো দেশের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়ে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা করা হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে।

সারজিস আলম আরও বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে কিছু আসনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবু দেশের বৃহত্তর স্বার্থে সেই নির্বাচন মেনে নিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন তিনি।

আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা বা ইউনিয়ন পরিষদের কোনো নির্বাচনে যদি কেউ ভোটে প্রভাব বিস্তার বা কারচুপির চেষ্টা করে, তবে তা প্রতিহত করা হবে।

তিনি বলেন, ‘জনগণের ভোটের অধিকার জনগণকেই ফিরিয়ে দিতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, জনগণ তা মেনে নেবে না।’

বক্তব্যে তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন সরকারি দপ্তরে দলীয় সমিতির প্রভাবের কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, এনসিপি, সারজিস আলম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ