
দায়িত্ব গ্রহণের চার দিনের মাথায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বিভিন্ন শাখা পরিদর্শন করেছেন নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
রোববার (১ মার্চ) সকাল ৯টায় তিনি প্রথমে সিসিকের পরিবহন শাখা এবং পরে বর্জ্য ব্যবস্থাপনা শাখা পরিদর্শন করেন। পরিদর্শনকালে অফিসে কর্মচাঞ্চল্য দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় প্রশাসক বলেন, জনগণের করের টাকায় সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয়। তাই এ টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি নিয়ম মেনে সময়মতো অফিসে উপস্থিত থাকা এবং নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ না করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি সব নির্দেশনা মেনে নগরবাসীর সেবা নিশ্চিত করার আহ্বান জানান। কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
এদিকে রোববার দুপুরে প্রশাসক নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্পও পরিদর্শন করেন। কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে দ্রুততম সময়ে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের নির্দেশ দেন তিনি।
এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের প্রতিটি টাকার শতভাগ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়ন কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। উন্নয়ন কাজ বিলম্বিত হলে জনগণের ভোগান্তি বাড়ে। আমরা নগরবাসীর ভোগান্তি বাড়াতে চাই না, বরং স্বস্তি দিতে চাই।
তিনি আরও বলেন, নগরবাসীর প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নগরবাসীর সহযোগিতা ছাড়া পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়া শুধু সিটি করপোরেশনের পক্ষে সম্ভব নয়।
পরে প্রশাসক নগরের কালেক্টরেট মসজিদের সামনে অবস্থিত পুলিশ বক্স পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কে অটোরিকশা রেখে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি না করতে অটোরিকশা শ্রমিকদের অনুরোধ জানান। এছাড়া নগরের তালতলা এলাকায় ফুটপাতের একটি ভাঙা স্ল্যাব দ্রুত প্রতিস্থাপনের জন্য সিসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেন আব্দুল কাইয়ুম চৌধুরী। পরদিন ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় বিভিন্ন শাখা পরিদর্শনে গিয়ে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পান। তখন তিনি ক্ষোভ প্রকাশ করে অনুপস্থিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিসিক, সিলেট, কাইয়ুম চৌধুরী


