০৪ মে ২০২৬

দৈনন্দিন

বালাগঞ্জে কুশিয়ারা নদীতে ফেরিঘাট স্থাপনের কাজ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:২৫ অপরাহ্ন


সিলেটের বালাগঞ্জে কুশিয়ারা নদীর ওপর ফেরিঘাট স্থাপনের (বালাগঞ্জ প্রান্ত) কাজের উদ্বোধন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এম এ মালিক বলেন, ‘বালাগঞ্জ বাজারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে একটি সেতু নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। তবে সেতু নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় অন্তর্বর্তী সমাধান হিসেবে মৌলভীবাজারের সঙ্গে যোগাযোগ সহজ করতে ফেরিঘাট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করা এখন অগ্রাধিকার। বিশেষ করে স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার জরুরি।’

গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গে এম এ মালিক বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা আমার অঙ্গীকার। আমার ভুল থাকলে সমালোচনা করার পূর্ণ অধিকার সাংবাদিকদের আছে। সরকার, রাজনৈতিক দল ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে তবেই এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব।’ 

অবহেলিত এলাকার সমস্যা ও উন্নয়ন চাহিদা তুলে ধরতে গণমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুন নুরসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বালাগঞ্জ ফেরিঘাট, কুশিয়ারা নদী, এম এ মালিক, সিলেট-৩ এমপি, যোগাযোগ উন্নয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ