২১ এপ্রিল ২০২৬

রাজনীতি / সরকার

সিলেটের উন্নয়নে সব মন্ত্রী-এমপিদের নিয়ে বৈঠক করবেন আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:০৭ অপরাহ্ন


সিলেটের সামগ্রিক উন্নয়ন নিয়ে শিগগিরই জেলার সব সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ২টা ১৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “সিলেটের উন্নয়নের জন্য আগামী দুই-চার দিনের মধ্যে সব এমপি ও মন্ত্রীদের নিয়ে বসব। এলাকার যেসব সমস্যা আছে, তা নিয়ে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেব।”

মন্ত্রিত্ব পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমি প্রথমে আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করি। গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এটি আমার একার সম্মান নয়—সিলেটবাসীর সম্মান।”

প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে সিলেটের গুরুত্ব তুলে ধরে আরিফুল হক বলেন, ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক সেবা কেন্দ্র থাকলেও সিলেটে তেমন সুবিধা নেই। অল্প সময়ের মধ্যেই প্রবাসীদের প্রত্যাশা পূরণে কাজ শুরু করব।

সিলেটের বিমানবন্দরের সম্প্রসারণকাজের ধীরগতি, কার্গো ফ্লাইট বন্ধ এবং কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার বিষয়েও তাঁর নজর রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সব বিষয় আমাদের মাথায় আছে। আমরা দায়িত্ব নিয়েছি, আমাদের ১৮০ দিনের একটি কর্মপন্থা রয়েছে। ১৮০ দিন পর আপনাদের সামনে অগ্রগতির চিত্র তুলে ধরব।

আরিফুল হক চৌধুরী বলেন, রাস্তাঘাট, বিমানবন্দর ও অন্যান্য অবকাঠামোগত সমস্যার সমাধানেও সমন্বিত উদ্যোগ হবে, সময় খুব বেশি নেই। কাজ শুরু করতে হবে এখনই।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, মন্ত্রী, আরিফুল হক চৌধুরী, উন্নয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ