২১ এপ্রিল ২০২৬

রাজনীতি / সরকার

এবার পূর্ণ মন্ত্রী হচ্ছেন ‘ম্যাজিক ম্যান’ আরিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ২:০০ অপরাহ্ন

ছবিঃ আরিফুল হক চৌধুরী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রীপরিষদে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণে করবেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার থেকে দুইবারের নির্বাচিত মেয়র ছিলেন আরিফ। 

এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি। তবে মন্ত্রীদের দপ্তর এখনও বণ্টন করা হয়নি।   

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটকীয় জয় দিয়ে আলোচনায় আসা ম্যাজিক ম্যান খ্যাত এই রাজনীতিকের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি সিলেটের রাজনৈতিক অঙ্গনেও নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার শেষে মনোনয়ন নিশ্চিত হয়েছিল সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর। তাও সিলেট নগর ছেড়ে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে।

বিএনপিরই ভেতরেই গুঞ্জন ছিল-আরিফের রাজনৈতিক ‘ক্যারিয়ার’ শেষ করতে সিলেট-১ আসন না দিয়ে সিলেট-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। সেখানে জামায়াতে ইসলামীর শক্ত প্রার্থী মো. জয়নাল আবেদীনের কাছে পরাজিত হলে আরিফ ‘গাউত’। অর্থাৎ রাজনৈতিকভাবে আরিফের ভালো অবস্থান থাকবে না।

কিন্তু আরিফ তো আরিফই। মনোনয়ন পেয়েই ঘোষণা দিলেন সুর তুলতে তিনদিন লাগবে। এবার সেই সুরে তাল-ছন্দ যোগ করে ধানের শীষ নিয়েই ঘরে ফিরেছেন ম্যাজিক ম্যান আরিফ। ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আরিফুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।

আরিফুল হক চৌধুরী বর্তমানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। এর আগে তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এর আগে তিনি সিলেট মহানগর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

২০০৩ সালে তিনি সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন আরিফ। সেই সঙ্গে তিনি তখন সিটি করপোরেশনের নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে ২০১৩ সালে আওয়ামী লীগের প্রয়াত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে হারিয়ে প্রথমবার সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আরিফ। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন তিনি। তবে সর্বশেষ ২০২৩ সালে বিএনপি সিটি নির্বাচনে অংশ না নেওয়ায় তিনি প্রার্থী হননি।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথগ্রহণের আগে সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাকে ফোন করা হয়েছে। বর্তমানে আমি শপথ গ্রহণের জন্য সংসদ ভবন এলাকায় এসেছি। 

তিনি বলেন, ‘দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। সকলের দোয়া চাইছি।’


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, আরিফুল হক চৌধুরী, বিএনপি, মন্ত্রী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ