০৫ মার্চ ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিতে সাদামাটা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, শিক্ষার্থীদের ক্ষোভ

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সাদামাটা আয়োজনে বিশ্ববিদ্যায়ের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

এ অবস্থায় এটি যেন বিশ্ববিদ্যালয় দিবস নয়, মনে হচ্ছে শাবিতে শোকসন্তপ্ত পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন শিক্ষার্থীরা।  

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ।

 

পরে বিশ্ববিদ্যালয়ের সকলকে সাথে নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা হয় যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের তেমন অংশগ্রহণ দেখা যায়নি।

 

সরোজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর ছাড়া একাডেমিক কিংবা আবাসিক হলগুলোকে তেমন আলোকসজ্জা হয়নি। বিগত বছরগুলেতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকলেও এবছর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নেই। এ অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়েছে।  

 

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন নিয়ে পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী তাহমিদুর হাসান বলেন, আমি সিলেটে বেসরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি করি। আজ অফিস বন্ধ এবং পহেলা ফাল্গুন ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে এসেছি পরিবার নিয়ে। ক্যাম্পাসে ডুকার পর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশেষ কোনো আয়োজন চোখে পড়েনি।এমন সাদামাটা অবস্থা দেখে অবাক হয়েছি।মনে হচ্ছিল শোকসন্তপ্ত কোনো পরিবেশে প্রবেশ করেছি।তিনি বলেন আমরা আশা করবো আগামীর দিনগুলোতে যেন বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশেষভাবে সাজানো হয়।

 

নৃবিজ্ঞান বিভাগের একজন বর্তমান শিক্ষার্থী জানান, এমন অনাড়ম্বর আয়োজন আমাকে অবাক করেছে। অন্য দশটা দিনের মতো আজকের পরিবেশ। আমি ভেবেছিলাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশেষভাবে ক্যাম্পাস সাজানো হবে।বিষয়টা খুবই হতাশ করেছে।

 

উদযাপন কমিটির সদস্য সচিব অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক বলেন, প্রতিবছর প্রশাসনিক এবং গোলচত্বরে আলোকসজ্জা করা হয় কিন্তু এবছর শুধু গোলচত্বরে আলোকসজ্জা করা হয়েছে।

 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, শাবিপ্রপবি, সিলেট , শিক্ষার্থীদের ক্ষোভ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ