০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বিশ্ব ভেটেরিনারি দিবসে সিকৃবি উপাচার্য

'প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় দক্ষ প্রাণী চিকিৎসক তৈরি করতে হবে'

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৫ মে, ২০২৫ ৭:৪০ অপরাহ্ন


বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 


এরপর ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

মাইক্রোবায়োলজি ও টক্সিকোলজি বিভাগের প্রফেসর ড. সুলতান আহমেদের সভাপতিত্বে ও এনাটমি ও হিস্টোলজি বিভাগের সহকারী প্রফেসর ডা. আঁখি পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। 

তিনি বলেন, 'দিবসটির এবারের প্রতিপাদ্য ‘এনিমল হেলথ টেইকস অ্যাণ্ড টিম'। এটি আমাদের মনে করিয়ে দেয় প্রাণিস্বাস্থ্য রক্ষা শুধু একজন প্রাণী চিকিৎসকের দায়িত্ব নয়, এটি একটি সমন্বিত দলীয় প্রচেষ্টা।' 

উপাচার্য বলেন, 'সমন্বিত প্রচেষ্টা ‘ওয়ান হেলথ’ ধারণার সঙ্গে সম্পর্কিত। কারণ মানুষ, প্রাণী ও পরিবেশ- এই তিনের স্বাস্থ্য একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোনো প্রাণীর অসুখ যদি মানুষে সংক্রমণ ঘটায় (যেমন জুনোটিক রোগ), তাহলে তা শুধু খামার নয়, গোটা সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।'

তিনি আরও বলেন, 'আমাদেরকে দক্ষ ভেটেরিনারিয়ান তৈরি করতে হবে। পাশাপাশি সময়ের প্রয়োজনে ভেটেরিনারি চিকিৎসার আধুনিকায়ন করতে হবে এবং গবেষণার ফলাফল মাঠ পর্যায়ে সম্প্রসারণের ব্যবস্থা করতে হবে।'  

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই- ইলাহী, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম, সিলেট জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. মো. আহসান
হাবিব। 

আলোচনা সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিভাগের প্রফেসর ড. মুক্তার হোসেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫, সিকৃবি ভেটেরিনারি দিবস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ