২৮ মে ২০২৬

সিলেটে জামায়াত প্রধান

মুক্তিযোদ্ধারা এমন বাংলাদেশ দেখতে চাননি: আমীরে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০৬ অপরাহ্ন


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পরও মুক্তিযোদ্ধারা যে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের স্বপ্ন দেখেছিলেন, তা আজও বাস্তবায়িত হয়নি।


তিনি বলেন, “রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখেছিলেন, আজকের সন্ত্রাস, চাঁদাবাজি আর দুর্নীতির চিত্র দেখলে তাঁরা হয়তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণই করতেন না।”


আজ সকালে হবিগঞ্জে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


ডা. শফিকুর রহমান বলেন, “আমি নিজেও একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমার ভাই এ দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন।”


জামায়াত আমীর বলেন, “মুক্তিযোদ্ধারা চেয়েছিলেন একটি বৈষম্যহীন দেশ, যেখানে মানুষ নির্ভয়ে বাস করবে। কিন্তু বর্তমানে মামলাবাজি আর চাঁদাবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ।” 

 

“যারা জীবন দিয়ে আমাদের ঋণ করে গেলেন, তাঁদের প্রতি এই দেশ বা রাজনৈতিক নেতৃত্ব কী সম্মান দেখালো?” বলেন তিনি। 


গত দেড় দশকে দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা পাচারের সমালোচনা করে তিনি বলেন, এই লুটপাট মুক্তিযোদ্ধাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের চিত্র হতে পারে না।


আগামী ১২ তারিখের নির্বাচনকে তিনি ‘আজাদি বনাম গোলামি’র লড়াই হিসেবে আখ্যায়িত করে বলেন, “এই নির্বাচন হবে পচা রাজনীতির চরিত্র বদলে দেওয়ার সুযোগ। আমরা ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন অনুযায়ী এমন একটি রাষ্ট্র গড়বো যেখানে রাজার ছেলে রাজা নয়, বরং মেধার ভিত্তিতে একজন শ্রমিকের সন্তানও দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে।


ডা. শফিকুর রহমান ঘোষণা করেন, “আমরা জনগণের আমানতের পাহারাদার হতে চাই, মালিক হতে চাই না” 


তিনি জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ আবু সাঈদ, আবরার ফাহাদ ও ওসমান হাদীদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, “তাঁদের রক্তের মর্যাদা রক্ষা করতে এবং একটি নতুন সূর্যোদয়ের বাংলাদেশ গড়তে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।”


শেয়ার করুনঃ

সিলেটে জামায়াত প্রধান থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, জামায়াত, শফিকুর রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ