২৮ মে ২০২৬

সিলেটে জামায়াত প্রধান

ভোট চাইতে জন্মস্থানে যাচ্ছেন জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণার পর প্রথম সিলেট সফরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে তার জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। 

 

জানা যায়, জামায়াতের আমিরের জন্মস্থান কুলাউড়ায় আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং আশা করা হচ্ছে জনসভায় বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন।

 

মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী বলেন, ‘সিলেট বিভাগের তিনটি নির্বাচনী কর্মসূচির মধ্যে কুলাউড়ায় জনসভা সকাল ১১টায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে সিলেট ও হবিগঞ্জে সমাবেশে যোগ দেবেন জামায়াত প্রধান। প্রতিটি সভায় প্রচার ও জনসংযোগ কার্যক্রম জোরদার থাকবে।’

 

এদিকে, জামায়াত আমরের সমাবেশ ঘিরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন গত সোমবার সমাবেশস্থল পরিদর্শন করে নিরাপত্তা সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন। 

 

জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা দায়িত্ব পালন করবে বলে জানান জামায়াতের শীর্ষ নেতারা। 

 

উল্লেখ, ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর  মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. আবরু মিয়া ও মাতার নাম খাতিবুন নেছা। চার ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। শফিকুর রহমান ১৯৭৪ সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর ১৯৭৬ সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।


শেয়ার করুনঃ

সিলেটে জামায়াত প্রধান থেকে আরো পড়ুন

জামায়াত আমীর, শফিকুর রহমান, মৌলভীবাজার, নির্বাচন যাত্রা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ