০২ মে ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জ-২ আসন

নিজের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চিঠি দিলেন শিশির মনির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন

ছবিঃ সংগৃহীত

নিজের নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির। 

সোমবার (০২ জানুয়ারি) এই দুই প্রার্থীকে চিঠি দেওয়া হয়। বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন।

চিঠিতে তিনি তিনটি নির্বাচনী ‘ঐক্য ও সম্প্রীতির সমাবেশে’ বক্তব্য দেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী অন্য দুই প্রার্থী বিএনপির মো. নাছির চৌধুরী ও কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস খোকন অথবা তাঁদের প্রতিনিধিদের বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৫ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকার দিরাই উপজেলার ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চবিদ্যালয় মাঠে, ৮ ফেব্রুয়ারি শাল্লা উপজেলার শাহীদ আলী উচ্চবিদ্যালয় মাঠে এবং ৯ ফেব্রুয়ারি দিরাই মিনি স্টেডিয়ামে তাঁর তিনটি ‘ঐক্য ও সম্প্রীতির সমাবেশ’ অনুষ্ঠিত হবে। 

চিঠিতে এই তিন সমাবেশে নাছির চৌধুরী ও নিরঞ্জন দাস অথবা তাঁদের মনোনীত প্রতিনিধিদের উপস্থিত থেকে বক্তব্য প্রদানের আহ্বান জানিয়ে শিশির মনির বলেন, এসব সমাবেশে অংশগ্রহণ দিরাই-শাল্লায় একটি ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

এ প্রসঙ্গে আজ বিকেলে নির্বাচনী এলাকার রাজানগর ইউনিয়নের রাজানগর বাজারে নিজের এক নির্বাচনী সভায় শিশির মনির বলেন, ‘আমি নিজে স্বাক্ষর করে চিঠি দিয়েছি। আমি মনে করি, তাঁরা সমাবেশে উপস্থিত থেকে নিজেদের পরিকল্পনা, দিরাই-শাল্লার জন্য তাঁরা কী করতে চান, সেটি তুলে ধরবেন। অন্যথায় ধরে নেব, দিরাই-শাল্লা নিয়ে তাঁদের কোনো পরিকল্পনা নেই, বক্তব্য নেই।’

বিএনপির প্রার্থী ও তাঁর কমী-সমর্থকদের উদ্দেশে শিশির মনির বলেন, ‘কী পরিমাণ গালাগালি-বকাবকি করছেন আপনারা, এটা চিন্তা করা যায় না। তাঁদের এক নেতা আট মিনিটের বক্তব্যে ছয় মিনিট আমাকে নিয়ে বকাবকি করেছেন। এই রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। মানুষ এগুলো শুনতে চায় না। এগুলো বন্ধ করেন।’


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

নির্বাচনী সমাবেশ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমন্ত্রণ, চিঠি, সুনামগঞ্জ-২, শিশির মনির, নাছির চৌধুরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ