সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর মুহূর্তেই বদলে গেছে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) সংসদীয় আসনের নির্বাচনী পরিবেশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত প্রতীক হাতে পাওয়ার পর থেকেই উৎসবমুখর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।
প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় শুরু হয়েছে মাইকিং। প্রার্থীদের ছবি ও প্রতীক সংবলিত সাদা-কালো লিফলেট হাতে কর্মী-সমর্থকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ চালাচ্ছেন তারা। পাড়া-মহল্লার চায়ের দোকান, হাট-বাজার থেকে শুরু করে সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ‘কার প্রতীক কী’, ‘কেমন চলছে প্রচারণা’ এবং শেষ পর্যন্ত কে হবেন এই আসনের সংসদ সদস্য।
সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, “প্রতীক পাওয়ার পর থেকে আমাদের কাজের গতি কয়েকগুণ বেড়ে গেছে। সময় খুবই কম। জনসভা ও উঠান বৈঠকের পাশাপাশি ঘরে ঘরে গিয়ে আমাদের উন্নয়নের অঙ্গীকার তুলে ধরছি।”
মাঠপর্যায়ের প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে জোরদার প্রচার। ফেসবুক ও ইউটিউবে ছোট ছোট ভিডিও ও গ্রাফিক্স কার্ডের মাধ্যমে প্রার্থীরা নিজেদের প্রতীক ও প্রতিশ্রুতি তুলে ধরছেন। তরুণ ভোটারদের আকৃষ্ট করতেই মূলত এই ডিজিটাল কৌশল বেছে নিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, চা জনগোষ্ঠী ও তরুণ ভোটাররাই এ আসনে জয়-পরাজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কঠোরভাবে নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীদের বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের বাইরে মাইকিং না করা এবং দেয়াল লিখন থেকে বিরত থাকতে তাদের সতর্ক করা হয়েছে। তিনি আরও জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক মাঠে কাজ করছে।
উল্লেখ্য, এ আসনে বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত মজলিস ও ১০ দলীয় জোটের প্রার্থী শেখ নুরে আলম হামিদী (রিকশা), জাতীয় নাগরিক পার্টি ও ১০ দলীয় জোটের প্রার্থী দাবিদার প্রীতম দাশ (শাপলা কলি), বিএনপির বিদ্রোহী (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু (ফুটবল), জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন (লাঙল) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মো. আবুল হাসান (মই) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় সংসদ নির্বাচন, মৌলভীবাজার, শ্রীমঙ্গল-কমলগঞ্জ