ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর–লাখাই–শায়েস্তাগঞ্জ) সংসদীয় আসনের ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম সরওয়ারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে বুধবার (৭ জানুয়ারি) তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান সিলেট সিভিল জজ আদালতের বিচারক মো. জামাল উদ্দিন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানায়। নোটিশে আগামী ১২ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী হিসাবে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই এবং শায়েস্তাগঞ্জ উপজেলা) সংসদীয় আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। উক্ত প্রচারণার একটি ভিডিও গত ৬ জানুয়ারি হবিগঞ্জ টোয়েন্টিফোর নামক ফেসবুক পেইজে প্রকাশিত হওয়ায় এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো। এ ভিডিও হবিগঞ্জ-৩ নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে। যা প্রাথমিকভাবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর লঙ্ঘন হিসেবে প্রতীয়মান হয়েছে।

এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ নির্বাচন কমিশনে পাঠানো হবে না এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জের ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো গুরুত্বসহকারে যাচাই-বাছাই করা হচ্ছে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ-৩ আসন, হবিগঞ্জ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নোটিশ