২২ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

সুনামগঞ্জে খাল পুনরুদ্ধারে আদালতের রায় বাস্তবায়নে বেলার আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ ৭:৪১ অপরাহ্ন


কামারখালসহ সুনামগঞ্জ পৌরসভার খালসমূহ পূনরুদ্ধার ও সংরক্ষণে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের সার্কিট হাউজে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এ আলোচনা সভার আয়োজন করে।

 

সভায় সুনামগঞ্জের খাল দখল ও দূষণ রোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন বেলার বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার। 

 

সভায় বক্তারা বলেন, খালগুলো পুনরুদ্ধার না হলে সুনামগঞ্জ শহর জলাবদ্ধতার মারাত্মক ঝুঁকিতে পড়বে। উচ্চ আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে খাল দখলমুক্ত করা, নিয়মিত পরিচর্যা ও নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত দেন তারা। 

 

জেলার সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পৌর প্রশাসক অসীম কুমার বনিক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার, সুনামগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ সুহেল রানা, হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটির (হাউস) নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ প্রমুখ।  আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সুনামগঞ্জের ডেপুটি কমিশনার (ডিসি) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, পৌরবাসীর প্রতি আমার আন্তরিক অনুরোধ—আপনারা কেউ খালে ময়লা-আবর্জনা ফেলবেন না এবং কোনোভাবেই খাল দখল করবেন না। খালগুলো দখল ও দূষণমুক্ত রাখা গেলে সেগুলো পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং সুনামগঞ্জ পৌরসভাকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে নতুনভাবে সাজানো যাবে।

 

তিনি বলেন, একটানা বৃষ্টি হলে শুধু সাধারণ মানুষের বাড়িতেই নয়, আমার নিজের বাড়িতেও পানি উঠে। তাই জলাবদ্ধতার এই সমস্যা কোনো একক ব্যক্তি বা এলাকার নয়—এটি আমাদের সবার সমস্যা। এই সংকট থেকে উত্তরণে এককভাবে প্রশাসনের পক্ষে সম্ভব নয়, প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা।

 

ডিসি আরও বলেন, খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে আদালতের নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। খালকে তার স্বাভাবিক প্রবাহে ফিরিয়ে আনতে হলে নাগরিক দায়িত্ববোধ থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই আমরা একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও টেকসই সুনামগঞ্জ গড়ে তুলতে পারবো।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, বেলা, খাল ও নদী দূষণ, আলোচনা সভা, আদালতের রায় বাস্তবায়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ