১৮ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বানিয়াচংয়ের মাহমুদুল হাসান কিবরিয়া

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃতী সন্তান মাহমুদুল হাসান কিবরিয়া ইন্দোনেশিয়ার স্বনামধন্য Muhammadiyah University of Surakarta থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

 

গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর পিএইচডি ডিগ্রি অনুমোদন প্রদান করা হয়।

 

তাঁর এ গৌরবময় অর্জনে পরিবার-পরিজন, শিক্ষকসমাজ, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

 

মাহমুদুল হাসান কিবরিয়া বানিয়াচং উপজেলা সদরের ৪নং ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের মো. নায়েব আলী ও মাতা মোছা. সেলিনা বেগম দম্পতির সন্তান। ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। 

 

পিচডি পর্যায়ে তাঁর গবেষণা অভিসন্দর্ভের শিরোনাম ছিল— ‘The Integration of Islamic Moral Values and Kohlberg's Theory of Moral Development in Formal Education in Bangladesh’ (বাংলাদেশে আনুষ্ঠানিক শিক্ষায় ইসলামী নৈতিক মূল্যবোধ এবং কোলবার্গের নৈতিক উন্নয়ন তত্ত্বের সংযুক্তিকরণ)।

 

গবেষণার মূল লক্ষ্য ছিল ইসলামী নৈতিক মূল্যবোধ ও পাশ্চাত্য মনোবিজ্ঞানী লরেন্স কোলবার্গের নৈতিক উন্নয়ন তত্ত্বের মধ্যে একটি কার্যকর সমন্বয় স্থাপন করে তা বাংলাদেশের আনুষ্ঠানিক শিক্ষাব্যবস্থায় প্রয়োগের সম্ভাবনা বিশ্লেষণ করা। গবেষণায় উঠে এসেছে— এই দুই ধারার সমন্বিত প্রয়োগ শিক্ষার্থীদের নৈতিক মান, মূল্যবোধ ও চরিত্র গঠনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে ধর্মীয় মূল্যবোধ যেখানে সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এমন বাংলাদেশের প্রেক্ষাপটে এ গবেষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন শিক্ষাবিদরা।

 

নিজের এ অর্জন সম্পর্কে মাহমুদুল হাসান কিবরিয়া বলেন, ‘এই সাফল্য আমার একার নয়। আমার পরিবার, সম্মানিত শিক্ষকবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের দোয়া ও ভালোবাসাই আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে।’

 

উল্লেখ্য, মাহমুদুল হাসান কিবরিয়ার শিক্ষাজীবন শুরু হয় কাওমী মাদরাসা শিক্ষাধারায়। দাওরা হাদীস সম্পন্ন করার পর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে বিএ (ফাজিল) এবং ইসলামিক এরাবিক ইউনিভার্সিটি (ঢাকা)-এর অধীনে তাফসীর বিভাগে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ধর্মীয় ও সাধারণ শিক্ষার এই সমন্বিত ধারাই তাঁকে আন্তর্জাতিক মানের একজন গবেষক হিসেবে গড়ে তুলেছে।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বানিয়াচং,হবিগঞ্জ, পিএইচডি ডিগ্রি অর্জন, মাহমুদুল হাসান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ