০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেটে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা শুরু

ভয়েসডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ ৭:০৫ অপরাহ্ন


‘শিশুর চোখে শিশুর গল্প’— প্রতিপাদ্যকে নিয়ে সিলেটে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর হোটেল নির্ভানা ইনের হলরুমে এ কর্মশালার উদ্বোধন হয়। 

 

জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বেও প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।

 

তিনি শিশুদের উদ্দেশে বলেন, ‘আমাদের ছোট বেলায় আমরা সাংবাদিকতা বিষয়ক এ রকম প্রশিক্ষণ পাইনি, তোমরা প্রশিক্ষণ পেয়ে নিজেকে ভালোভাবে গড়ে তুলতে পারবে। তোমরা ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে। সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘তোমরা এই শিশু সাংবাদিকতার মাধ্যমে বাল্যবিবাহ বন্ধে কাজ করতে পারবে।বাল্য বিবাহের তথ্যটা ঠিক জায়গাতে পাঠাতে পারবে। গণমাধ্যম হলো একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়। গণমাধ্যমে ভালো নিউজ দেখে রাষ্ট্র বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে। প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়তে পারবে; যা তোমাদের ভবিষ্যৎতে কাজ দিবে। আমাদের সবসময় বস্তুনিষ্ঠভাবে লিখতে হবে।’

 

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন হ্যালোর সিলেট জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি বাপ্পা মৈত্র। প্রশিক্ষক হিসেবে আছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আন্তর্জাতিক ডেস্কের সহ-সম্পাদক তনুশ্রী বিশ্বাস।

 

দুই দিনের এই কর্মশালায় ২০ জন নবাগত শিশু সাংবাদিক অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। কর্মশালার প্রথম দিন শিশুদের মৌলিক সাংবাদিকতার ধারণা, তথ্য যাচাই, সংবাদ ও ফিচার লেখা, সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধানসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সাংবাদিকতা, কর্মশালা, সিলেট, প্রথম আলো, জাতিসংঘ শিশু তহবিল, ইউনিসেফ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ