২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেট মহানগর এনসিপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির অনুমোদনে সিলেট মহানগরের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিলেট নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে নবগঠিত কমিটির ঘোষণা দেন অ্যাডভোকেট আফজাল। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে অ্যাডভোকেট আফজাল বলেন, এনসিপি ক্ষমতা অর্জনের রাজনীতিতে নয়, নাগরিক সেবা ও জনকল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে। স্বচ্ছতা ও জবাবদিহিতাকে ভিত্তি করে একটি গণতান্ত্রিক, সংগঠিত ও জনমুখী রাজনৈতিক শক্তি হিসেবে সিলেট মহানগরে দলকে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।

কমিটির দায়িত্ব প্রদানের জন্য তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে দলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এহতেশাম হক এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজি আলমের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন তিনি।

সিলেট মহানগরের চলমান নাগরিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, জলাবদ্ধতা, যানজট, মাদক সমস্যা, যুব বেকারত্ব, ভূমি দখল এবং নাগরিক সেবায় অনিয়ম নগরবাসীর জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। এসব সমস্যা সমাধানে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, ওয়ার্ডভিত্তিক সংগঠন শক্তিশালী করা, যুব ও নারী ফোরাম সক্রিয় করা এবং পেশাজীবীদের সম্পৃক্ত করার মাধ্যমে মহানগর এনসিপির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হবে। দলীয় কার্যালয়ে নিয়মিত সমন্বয় সভারও পরিকল্পনা রয়েছে।

নাগরিক সেবার উন্নয়নে পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, বর্ষাকালের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ পরিকল্পনা, যানজট কমাতে ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশনের সঙ্গে সমন্বিত উদ্যোগ এবং পরিচ্ছন্ন নগর গড়তে ধারাবাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।

পাশাপাশি স্বাস্থ্যসেবায় মোবাইল মেডিকেল ক্যাম্প, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, মাদকবিরোধী সামাজিক আন্দোলন, মানবিক সহায়তায় শীতবস্ত্র ও খাদ্য বিতরণ এবং জরুরি রক্তদাতা নেটওয়ার্ক গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে অ্যাডভোকেট আফজাল বলেন, সরকারি জমি ও জলাশয় দখলের তথ্য সংগ্রহ করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে। একই সঙ্গে ডিজিটাল সেবার অংশ হিসেবে অনলাইন অভিযোগ গ্রহণ ব্যবস্থা চালু এবং নাগরিক সেবার সহজ নির্দেশিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, নাগরিক সমস্যার বাস্তব চিত্র তুলে ধরতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য।

শেষে সিলেট মহানগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি নতুন, পরিচ্ছন্ন ও জনকল্যাণভিত্তিক রাজনৈতিক ধারার জন্য জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

জাতীয় নাগরিক কমিটি, এনসিপি, কমিটি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ