০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বিজয় দিবসের চেতনায় আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান খন্দকার মুক্তাদিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ ডিসেম্বর, ২০২৫ ৯:০০ অপরাহ্ন


মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিজয় র‌্যালিতে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট–১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে।


সোমবার (১৫ ডিসেম্বর) ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে মহানগর বিএনপির আয়োজিত র‌্যালি-পূর্ব সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


খন্দকার মুক্তাদির বলেন, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একটি উন্নত, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। তরুণ প্রজন্মকে দেশপ্রেম, ত্যাগ ও ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ করে শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দুর্নীতি ও বৈষম্য দূর করা এবং জ্ঞান–বিজ্ঞান ও মুক্তচিন্তার প্রসারের মাধ্যমে একটি শক্তিশালী ও আধুনিক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নে স্বাধীনতা সংগ্রামের মূল আদর্শ—গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, শোষণমুক্তি ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব।


র‌্যালি শুরুর আগেই রেজিস্ট্রারি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দুপুর থেকে মহানগর বিএনপির বিভিন্ন জোনসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে র‌্যালিতে যোগ দেন। সংক্ষিপ্ত সভা শেষে বিকেলে বিশাল বিজয় র‌্যালিটি রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।


সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। এ ছাড়া র‌্যালিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহসভাপতি ডা. নাজমুল হোসেন, জিয়াউল গনি আরিফিন জিল্লু, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মাহবুব কাদির শাহী, সুদীপ রঞ্জন বাপ্পু, নুরুল মুমিন খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

খন্দকার মুক্তাদির, সিলেট, বিজয় দিবস, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ