পাঁচ আগস্ট হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, অনেকে চক্ষু হারিয়েছে, পঙ্গু হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ‘বাংলাদেশের মানুষ পাঁচ দফার পক্ষে কুরবানীত হয়েছে। আজ সংস্কারের বাঁধা, বিচারের বাঁধা দৃশ্যমান। নির্বাচনের জন্য যারা পাগল হয়েছিল তারা যখন দেখেছে জনগণ ফ্যাসিস্ট ও চাঁদাবাজদের বিপক্ষে অবস্থান করেছে। এখন তারা নির্বাচন পেঁচানোর জন্য পাগল হয়েছে। 


তিনি বলেন, ‘কিন্তু আমরা পরিষ্কারভাবে বলবো, রাশি যখন বামে ঘুরে তখন সকল পরিকল্পনাও বামেই যায়। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই জনগন থেকে বিচ্ছিন্ন হবেন।’ 

 

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব বলেন। 


চরমোনাই পীর বলেন, ‘বাংলাদেশে ৫৩ বছর যারা আমাদের জিম্মি করে রেখেছিল তারা নিজেরাই এখন নিরাপদ নয়। তারা নিজেরাই নিজেদেরকে খেয়ে ফেলেছে। আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছেন।’


তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে। খুনি ও টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে। এরপর লেবেল প্লেয়িং ফিল্ড, নির্বাচনের পরিবেশ তৈরি হবে।’

 

সবাইকে আহ্বান জানিয়ে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আমরা যারা দেশপ্রেমিক, মানবতা প্রেমিক রয়েছি, আমরা যদি বুঝতে ভুল করি অথবা ব্যর্থ হই, যখন প্রজন্ম লিখবে তখন কলঙ্কজনক ইতিহাস আমাদের জন্য লেখবে। ক্ষমতা প্রেমীদের চাঁদাবাজদের আমরা না বলার মাধ্যমে বাংলার জমিনকে চিরতরে রক্ষা করতে হবে।’

 

‎এ সময় রোদে পুড়ে যারা সমাবেশে উপস্থিত হয়েছেন তাদেরকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

তিনি আরও বলেন, ‘আমরা সেই সময়ের অপেক্ষায় রয়েছি, যেদিন বাংলাদেশের সোনালী সূর্য উদিত হবে, ফ্যাসিবাদ, চাঁদাবাজরা, খুনিরা নিপাত যাবে এবং দেশপ্রেমিকরা বিজয় লাভ করবে।’


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

পীর সাহেব চরমোনাই, সিলেট সমাবেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজনৈতিক সংস্কার বাংলাদেশ, পাঁচ দফা দাবি