২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

বাম জোটের মিছিলে পুলিশের বাধা, ব্যারিকেডের মধ্যেই বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ ডিসেম্বর, ২০২৫ ৬:১৯ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের পরিচালনা বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদের অংশ হিসেবে সিলেটে বাম জোটের মিছিল পুলিশি বাধার মুখে পড়ে। বাধা সত্ত্বেও ব্যারিকেডের ভেতরেই বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নগরীর চৌহাট্টায় এ ঘটনা ঘটে।

বাম জোট সূত্রে জানা যায়, চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ঘনিষ্ঠ কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ঢাকায় বাম জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। এর প্রতিবাদে তাৎক্ষণিক সিলেটে মিছিল বের করে বাম জোট।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হওয়ার পরই পুলিশ চৌহাট্টায় ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও শেষ পর্যন্ত ব্যারিকেডের মধ্যেই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাম নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদসহ বাম জোটের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, দেশের ওপর ‘সাম্রাজ্যবাদের নগ্ন থাবা’ বিস্তারের সুযোগ করে দিচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তারা বলেন, সরকারের প্রধান কাজ হওয়া উচিত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তার পরিবর্তে এখতিয়ার বহির্ভূতভাবে গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, বাম জোট, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ