২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

খালেদা জিয়া কোটি মানুষের ভালোবাসা-আস্থার প্রতীক: খন্দকার মুক্তাদির

প্রকাশঃ ৩ ডিসেম্বর, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ন


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর ও সদর) আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক যাত্রাপথে এক নাম বারবার উচ্চারিত হয়, বেগম খালেদা জিয়া। তিনি শুধু একজন নেতা নন, সংগ্রামী এক মা, দৃঢ় মনোবলের নারী, ইতিহাসের নির্মাতা এবং কোটি মানুষের ভালোবাসা-আস্থার প্রতীক।’

 

তিনি বলেন, ‘সময়, পরিস্থিতি ও কঠিন বাস্তবতার সাথে লড়াই করে আজও বেগম জিয়া মানুষের হৃদয়ে অমলিন। বেগম খালেদা জিয়ার আপোষহীন পথচলা, আমাদের এগিয়ে চলার শক্তি।’

 

গতকাল মঙ্গলবার নগরীর ৩৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নয়াবাজারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘মানুষ রাজনীতিতে বিভক্ত হতে পারে, কিন্তু অসুস্থতার সামনে সবাই একই মানবতার জায়গায় দাঁড়ায়। আজ রাজনীতির দলমত ভুলে সবাই একক কণ্ঠে বলছে, ‘বেগম জিয়া সুস্থ হোন, ফিরে আসুন।’ আজ দেশের মানুষ, কর্মী-সমর্থক, সাধারণ জনগণ, সবাই চোখে অপেক্ষা আর হৃদয়ে প্রার্থনা করে, আল্লাহ তাঁকে আরোগ্য ও দীর্ঘ জীবন দান করুন। আমরা সবাই তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করি।’ 

 

ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সাব্বির হোসেন জামিলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেম, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান প্রমুখ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

খালেদা জিয়া সুস্থতা, সিলেট বিএনপি, খন্দকার আব্দুল মুক্তাদির, নয়াবাজার দোয়া মাহফিল, ধানের শীষ প্রার্থী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ