০২ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

৩ দফা দাবিতে কর্মবিরতিতে সিলেটের প্রাথমিকের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৭ মে, ২০২৫ ৫:১০ অপরাহ্ন

ছবিঃ তিন দফা দাবিতে কর্মবিরতিতে সিলেটের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা

১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন।

বুধবার (৭ মে) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

জানা যায়, প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের ডাকে সারাদেশের সহকারী শিক্ষকরা ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা, ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত দুই ঘণ্টা এবং ২৬ মে থেকে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান সংগঠনটির নেতারা।

তাদের তিন দফা দাবিরগুলোর মধ‍্যে, সরকারের গঠিত কনসালটেশন কমিটির সুপারিশ যৌক্তিকভাবে সংশোধন করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ হিসেবে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং শতভাগ প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিশ্চিত করা এবং দ্রুত পদোন্নতি প্রদান।

সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া বলেন, 'ন্যায্য দাবির পক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। জৈন্তাপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।'

সিলেট জেলা কমিটির উপদেষ্টা মোহাম্মদ ছয়ফুল আলম বলেন, 'সহকারী শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে আমরা ১০ম গ্রেড প্রাপ্য হলেও বাস্তবতার আলোকে আমাদের দাবি ১১তম গ্রেড। আমরা চাই শিক্ষা ব্যবস্থায় বৈষম্য না রেখে, ন্যায্যতা ও সম্মানজনক মর্যাদা নিশ্চিত করা হোক।'

তিনি আরও বলেন, 'শিক্ষকদের বারবার আন্দোলনে যেতে বাধ্য না করে দ্রুত দাবি মেনে নেওয়ার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে সরকারের কাছে আহ্বান জানাই।'


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

প্রাথমিক সহকারী শিক্ষক, ১১তম গ্রেড, কর্মবিরতি, শিক্ষক আন্দোলন, সিলেট শিক্ষা আন্দোলন,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ