১৩ মার্চ ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

সিলেটে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি, স্থগিত বার্ষিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ ডিসেম্বর, ২০২৫ ১:১৯ অপরাহ্ন


সহকারী শিক্ষক পদের ক্যাডারভুক্তিসহ চার দফা দাবিতে সিলেটের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতিতে রয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে ২৪ নভেম্বর থেকে চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত হয়ে গেছে। সকালে পরীক্ষা দিতে এসে পরীক্ষা না পেয়ে শত শত শিক্ষার্থী ফিরে গেছে বাসায়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

পরীক্ষা স্থগিত থাকায় হতাশ অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎকে জিম্মি করে এমন কর্মসূচি মেনে নেওয়া যায় না। দ্রুত সরকারের হস্তক্ষেপ দাবি করেন তারা। শিক্ষার্থীরাও পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে বলেন, পরীক্ষা না হলে তাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।

মাধ্যমিক শিক্ষকদের দাবি চারটি দাবির মধ্যে রয়েছে, সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি, ২০১৫ সালের আগের মতো ২–৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা পুনর্বহাল করে গেজেট প্রকাশ।  

এ ব্যাপারে সিলেট সরকারি অগ্রগামী স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক আলী মর্তুজা জানিয়েছেন, তিন দিনব্যাপী এই কর্মবিরতির সময় সব ধরনের পরীক্ষা বন্ধ থাকবে। তিনি বলেন, দাবি আদায় হলে শিক্ষার্থীদের ক্ষতি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিভাবক লুৎফুর রহমান জানান, এমন কর্মবিরতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরীক্ষা বন্ধ রেখে দাবি আদায়ের এই পদ্ধতিতে শিশুদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ছে। দ্রুত সমস্যার সমাধান করে পরীক্ষা চালু করা উচিত।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, সরকারি মাধ্যমিক, শিক্ষক, কর্মবিরতি, স্থগিত, বার্ষিক, পরীক্ষা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ