২৮ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ নভেম্বর, ২০২৫ ৬:১৮ অপরাহ্ন


সিলেটে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়কের দাবিতে শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করেছে। রোববার (৩০ নভেম্বর) দুপুরে নগরীর ফাজিলচিশত এলাকায় মুহিবুর রহমান একাডেমির শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন। স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিলেট সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ফৌজিয়া আক্তার ও তার দুই কন্যা আহত হওয়ার ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যস্ত সড়কে পথচারী ও শিশুদের রাস্তা পারাপারের সময় চালকদের আরও দায়িত্বশীল হতে হবে। ট্রাফিক পুলিশ জোরদার করা জরুরি। তারা বলেন, “অল্প অসতর্কতাই কারো জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। তাই পথচারী দেখলে গাড়ির গতি কমানো এবং থামানো চালকদের দায়িত্ব।”

বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং স্কুল–কলেজের সময়ে অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়েন করা দরকার। পাশাপাশি নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পেইনের ওপরও গুরুত্ব দেন তারা।

শিক্ষার্থীরা জানান, ফাজিলচিশত এলাকায় প্রায়ই দ্রুতগতিতে যানবাহন চলাচল করে। স্কুল কলেজগামী শিক্ষার্থীদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত জেব্রাক্রসিং, স্পিডব্রেকার স্থাপন ও নিয়মিত পুলিশ মোতায়েনের দাবি জানান তারা।

মানববন্ধনে মুহিবুর রহমান একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, উপাধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, কো–অর্ডিনেটর আব্দুস শহীদ চৌধুরী এবং শিক্ষক রাসেল আহমদসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফাজিলচিশত এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে প্রভাষক ফৌজিয়া আক্তার ও তার দুই মেয়ে ওয়াজিফা কবির আয়াত (৮) ও আমায়া কবির (৬) গুরুতর আহত হন। ফৌজিয়া আক্তার ও তার বড় মেয়ে বর্তমানে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, মানববন্ধন, সড়ক দুর্ঘটনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ