৩১ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

‘শান্তিগঞ্জ মডেল’ ছড়িয়ে দিলে শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন ঘটবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৭ নভেম্বর, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ন


প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুনামগঞ্জের ‘শান্তিগঞ্জ মডেল’ উদ্যোগ ছড়িয়ে দেওয়া সম্ভব হলে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটবে।’


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর) ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনীমূলক মূল্যায়ন পদ্ধতি বিষয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সেমিনারে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহার উদ্ভাবিত ‘শান্তিগঞ্জ মডেল’ বিষয়ে আলোচনা করা হয়।


শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করা এবং শিশুদের বিদ্যালয়মুখী করার বিষয়ে সৃজনশীল এই মডেলটি ‘শান্তিগঞ্জ মডেল’ নামে স্বীকৃতি লাভ করেছে। এর মাধ্যমে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে শিক্ষকদেরও পরোক্ষভাবে মূল্যায়ন করা হয়। 


এই বিশেষ মানোন্নয়ন পরীক্ষা ও র‌্যাঙ্কিং ব্যবস্থা সুনামগঞ্জে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত উপস্থিতি, পরীক্ষায় ৮০ শতাংশ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা, বিষয়ভিত্তিক দুর্বলতা কাটিয়ে ওঠাসহ ঝরে পড়ার হার রোধে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


সেমিনারে ‘শান্তিগঞ্জ মডেল’-এর প্রশংসা করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সুনামগঞ্জের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গৃহীত এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। পরীক্ষার ভিত্তিতে স্কুল ও বিষয়ভিত্তিক শিক্ষকদের র‌্যাকিং ব্যবস্থা সত্যিই এক ব্যতিক্রমী ব্যবস্থা।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শান্তিগঞ্জ মডেল, শিক্ষা, যুগান্তকারী পরিবর্তন, প্রাথমিক, গণশিক্ষা উপদেষ্টা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ