
প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ প্রতিযোগিতায় সিলেট বিভাগীয় পর্যায়ে উচ্চ লাফে (হাই জাম্প) প্রথম স্থান অর্জন করেছে এলতিয়াম ইসলাম জাহিদ। এর মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলো সে।
জাহিদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
সোমবার (৫ মে) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি প্রচার করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব।
যোগাযোগ করলে প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব বলেন, আজ সোমবার সিলেটে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উচ্চ লাফে জাহিদ প্রথম হয়েছে। এছাড়াও একক অভিনয়ে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রোহান আহমেদ স্নিগ্ধ তৃতীয় স্থান অর্জন করে।
তিনি আরও জানান, উচ্চ লাফে প্রথম স্থান অর্জন করা জাহিদ পরবর্তীতে প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশ নিবে।


