টানা বৃষ্টিতে বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
ক্ষয়ক্ষতি নিরূপণে নেমেছে সরকার, আতঙ্কিত না হতে আহবান
প্রকাশঃ ২১ নভেম্বর, ২০২৫ ২:২৬ অপরাহ্ন
দেশজুড়ে অনুভূত মধ্যম মানের শক্তিশালী ভূমিকম্পে আজ শুক্রবার (২১ নভেম্বর) অন্তত চারজন নিহত হয়েছেন। ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে এ মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন কয়েক শ মানুষ।
সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূতি এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের মাত্রা জানিয়েছে রিখটার স্কেলে ৫.৭।
ভূমিকম্পের ঝাঁকুনিতে পুরান ঢাকার কসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন ঘটনাস্থলেই মারা যান।
তাঁদের মধ্যে একজনের পরিচয় রাফিউল ইসলাম, অপরজন সবুজ (৩০)। এছাড়াও আরও একটি আট বছরের শিশুর মরদেহ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে, যার পরিচয় জানা যায়নি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানাপ্রাচীর চাপায় ১০ মাসের শিশু ফাতেমা নিহত হয়েছে। শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন।
নরসিংদী সদরের গাবতলীতে ভূমিকম্পের সময় পার্শ্ববর্তী ভবন থেকে নির্মাণসামগ্রী ছিটকে পড়ায় দেলোয়ার (৩৭) ও তাঁর দুই সন্তান তাসফিয়া (১৭) এবং ওমর (৯) গুরুতর আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে দৌঁড়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় আহত হয়েছেন আরও অন্তত ৫৯ জন।
ভূমিকম্পে সবচেয়ে বড় বিশৃঙ্খলা সৃষ্টি হয় গাজীপুরের শ্রীপুরে। সেখানে ডেনিমেক নামের একটি পোশাক কারখানায় বহুতল ভবন থেকে একসঙ্গে নেমে আসার চেষ্টা করতে গিয়ে হুড়োহুড়িতে দেড় শতাধিক শ্রমিক আহত হয়েছেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ১৩০ জন; আরও ২০ জনকে পাঠানো হয়েছে ঢামেক ও ময়মনসিংহ মেডিকেলে। শ্রমিকদের অভিযোগ, ভূমিকম্পের মুহূর্তে কারখানার মূল ফটক খুলতে দেরি হওয়ায় আতঙ্ক আরও বেড়ে যায়, ফলে পদপৃষ্ট ও শ্বাসরোধের মতো পরিস্থিতি তৈরি হয়।
এর বাইরে বিচ্ছিন্নভাবে ঢাকা মেডিকেল কলেজে আহত হয়ে এসেছেন ১০ জন, গাজীপুরে ১০ জন, নরসিংদীর বিভিন্ন হাসপাতালে আরও অন্তত ৫৯ জন। দেশের নানা জায়গা থেকে ভবনের দেয়াল–ফ্লোর ফেটে যাওয়া, নির্মাণসামগ্রী পড়ে যাওয়া, আসবাব ছিটকে পড়ার খবর আসছে। বিভিন্ন হাসপাতাল প্যানিক অ্যাটাক ও সামান্য আঘাতপ্রাপ্ত রোগীতে ভরে গেছে।
ভূমিকম্পের পর জনমনে সৃষ্ট উদ্বেগ নিয়ে সরকার সচেতন রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে; সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে মাঠে নামতে নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস দ্রুততার সঙ্গে সব ঘটনায় রেসপন্স দিচ্ছে। জনগণকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আশ্বস্ত করে বলেন, “নাগরিকদের নিরাপত্তা বিধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
ভূমিকম্প, নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, নিহত, আহত