০৩ মার্চ ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / বিজ্ঞান

আনন্দনিকেতনে বিজ্ঞান মেলা: ক্ষুদে বিজ্ঞানীদের ১৫১টি প্রকল্প উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ নভেম্বর, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ন


বয়স ১৩ কিংবা ১৪। চার সদস্যের ক্ষুদে বিজ্ঞানীদল দেখিয়ে দিচ্ছে- কিভাবে বিমান দুর্ঘটনা আরও কমানো সম্ভব। পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত কম্পিউটার সিস্টেমের মাধ্যমে পরিচালিত।

টেবিলে সাজানো রানওয়ে ও বিমানের মডেল; রানওয়ের বিভিন্ন রঙের বাতি দিচ্ছে তথ্যবহুল সংকেত। তাদের বিশ্লেষণ শুনে মনে হয়, এই প্রকল্প বাস্তবায়ন হলে সত্যিই বিমান দুর্ঘটনা কমতে পারে।

গেল বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সিলেটের আনন্দনিকেতন স্কুলের দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা। এবারের মেলায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণির ছয় শতাধিক শিক্ষার্থী ১৫১টি প্রকল্প উপস্থাপন করে।

ক্ষুদে বিজ্ঞানীরা দেখিয়েছে নানা সমস্যার অনন্য সমাধান, কেউ তৈরি করেছে বায়ু ও পানি দূষণ কমানোর প্রযুক্তি, কেউবা দেখিয়েছে কীভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করে সময় ও শক্তি সাশ্রয় করা যায়।

বৃহস্পতিবার দুপুরে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল ইসলাম।

অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, আমি দীর্ঘ সময় নিয়ে সব প্রজেক্ট ঘুরে দেখেছি। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা আমাকে অভিভূত করেছে। বিজ্ঞান মেলা তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উৎপাদনমুখী করে তোলে। জাতিকে উন্নতির পথে নিতে বিজ্ঞানের বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিজ্ঞানের প্রসারের মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব। তাই এমন আয়োজন নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত করবে।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের একাডেমিক হেড শামীম চৌধুরী, এডমিনিস্ট্রেটিভ হেড ফাহমিনা নাহাস, সিনিয়র শিক্ষক রূপক কান্তি দত্ত, জয়জয়ন্তি দত্ত, মোহাম্মদ মুবিন ও সুজন চন্দ্র বনিক রাহুল প্রমুখ।

আয়োজকদের অন্যতম, জীববিজ্ঞানের শিক্ষিকা জয়জয়ন্তি দত্ত বলেন, তিন মাসের পরিশ্রমে শিক্ষার্থীরা বিজ্ঞানের নানা শাখায় অসাধারণ সৃজনশীলতা দেখিয়েছে। শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা না পেলে এ আয়োজন সম্ভব হতো না।

শিক্ষক সুজন চন্দ্র বনিক রাহুল বলেন, আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী করে তোলা। কয়েকজন শিক্ষার্থীও যদি বিজ্ঞান নিয়ে ভবিষ্যৎ গড়তে আগ্রহী হয়, তবেই আমাদের আয়োজন সার্থক।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

আনন্দনিকেতন, বিজ্ঞান মেলা, ক্ষুদে বিজ্ঞানী, প্রকল্প উপস্থাপন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ