২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেটে বিএনপির চমক, বাদ পড়লেন আরিফুল-ফয়সল-হুমায়ুন-কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ নভেম্বর, ২০২৫ ৩:০৭ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২৩৭ আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকায় সিলেট অঞ্চলে এসেছে বেশ কিছু চমক। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-৬ আসনের সাবেক প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, এবং নবনিযুক্ত যুগ্ম মহাসচিব ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির—তিনজনেরই নাম নেই ঘোষিত প্রার্থী তালিকায়।

সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করে নির্বাচনী কার্যক্রম শুরু করেছিলেন আরিফুল হক চৌধুরী। তবে ওই আসনে দলের মনোনয়ন গেছে প্রয়াত বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য খন্দকার আবদুল মালিকের ছেলে খন্দকার মুক্তাদির আহমদের কাছে।

সিলেট-২ আসনে বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিলেন হুমায়ুন কবির। সম্প্রতি মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার পর তার প্রার্থিতা নিয়ে সিলেটে ব্যাপক আলোচনা শুরু হয়। এমনকি বিএনপি মহাসচিবও এক বক্তব্যে ইঙ্গিত দিয়েছিলেন, হুমায়ুন কবিরই হতে পারেন সিলেটের প্রার্থী। তবে এই আসনে দলের টিকিট পেয়েছেন ২০১২ সাল থেকে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
সিলেট-৩ আসনে মনোনয়নের প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কিন্তু চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আবদুল মালিক।

অন্যদিকে, সিলেট-৬ আসনে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির ব্যানারে অংশ নিয়েছিলেন ফয়সল আহমদ চৌধুরী। ওই নির্বাচনে তিনি উল্লেখযোগ্য ভোট পেলেও পরাজিত হন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে। এবারের নির্বাচনে তার পরিবর্তে দল মনোনয়ন দিয়েছে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, বিএনপি,আরিফুল, ফয়সল, হুমায়ুন, কবির

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ