২৬ মে ২০২৬

রাজনীতি

জয়ী হয়ে সুনামগঞ্জ-৩ আসনটি খালেদা জিয়াকে উপহার দিতে চাই: কয়ছর এম আহমদ

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩ নভেম্বর, ২০২৫ ৮:৪১ অপরাহ্ন


সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে দীর্ঘদিনের জোটনির্ভর রাজনীতির অবসান ঘটিয়ে অবশেষে নিজ দলের প্রার্থী পেল বিএনপি। দলটি এবার যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদকে ধানের শীষ প্রতিকে মনোনয়ন দিয়েছে।

 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে কয়ছর এম আহমদের নাম ঘোষণা করেন।

 

দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় কয়ছর এম আহমদ বলেন, ‘সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের হাইকমান্ডের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। বহু বছর পর বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হলো। এখন শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয়ের জন্য আমরা মাঠে কাজ করব।’

 

তিনি আরও বলেন, ‘অনেক যোগ্য নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু মনোনয়ন একবারে একজনকেই দেওয়া সম্ভব। তাই সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আশা করছি বিপুল ভোটে জয়লাভ করে সুনামগঞ্জ-৩ আসনটি আমাদের নেত্রী মা খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে পারব।’

 

দীর্ঘদিন পর জোটের জট খুলে দলীয় প্রার্থী ঘোষণায় তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়ছর এম আহমদকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন অসংখ্য নেতাকর্মী।

 

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন বলেন, “বিএনপির ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও এতদিন এ আসনটি জোটের প্রার্থীর জন্য ছেড়ে দেওয়া হতো। আমরা দীর্ঘদিন ধরে দলীয় প্রার্থীর দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় আমরা আনন্দিত। বিশ্বাস করি, কয়ছর এম আহমদ বিপুল ভোটে বিজয়ী হবেন।”

 

শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ বলেন, “দলের প্রার্থী হিসেবে কয়ছর এম আহমদকে মনোনয়ন দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা শতভাগ নিশ্চিত, ধানের শীষ এবার জয়লাভ করবে।”

 

এছাড়া শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর বলেন, “কয়ছর এম আহমদ একজন সৎ, নম্র ও কর্মঠ রাজনীতিবিদ। তাঁকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া দলের দূরদর্শী সিদ্ধান্ত। আমরা বিশ্বাস করি তিনি বিপুল ভোটে জয়লাভ করে সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

কয়সর এম আহমেদ, সুনামগঞ্জ-৩, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ