২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

ফের জামায়াতের আমির নির্বাচিত হলেন মৌলভীবাজারের ডা. শফিকুর রহমান

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২ নভেম্বর, ২০২৫ ৬:১৭ অপরাহ্ন


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি আগামী তিন বছর দলটির নেতৃত্ব দেবেন।


আজ রোববার (০২ নভেম্বর) দুপুরে জামায়াতের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


জামায়াতের নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম গতকাল শনিবার রাতে সংগঠনের ‘আমির’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।


জামায়াত জানিয়েছে, গত ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকন) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে দলের আমির নির্বাচনে ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দল ভোট গণনা শেষ করে।


দলের পক্ষ থেকে জানানো হয়, গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার জামায়াতের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চসংখ্যক ভোট পেয়ে আমির হয়েছেন শফিকুর রহমান।


এর আগে ২০২০-২২ এবং ২০২৩-২৫ মেয়াদে জামায়াতের আমির হয়েছিলেন শফিকুর রহমান। তিনি টানা তৃতীয়বারের মতো দলের আমির হলেন।


উল্লেখ্য- ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবরে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন।


তার পিতার নাম মো. আবরু মিয়া ও মাতার নাম খাতিবুন নেছা। চার ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। শফিকুর রহমান ১৯৭৪ সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর ১৯৭৬ সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।


শফিকুর রহমান ছাত্রাবস্থায় ১৯৭৩ সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে তার ছাত্ররাজনীতি শুরু করেন। পরে, ১৯৭৭ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেন। 


সিলেট মেডিকেলে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রথমে উক্ত মেডিকেলের শিবিরের সভাপতি ও পরবর্তিতে সিলেট শাখার সভাপতি হন। ১৯৮৪ সালে মূল দল জামায়াতে ইসলামীতে যোগদান করে তিনি সিলেটের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। 

২০১০ সালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণের পর ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর প্রথমে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং পরবর্তীতে ২০১৬ সালে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নেন।


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট জোটে থেকে অংশগ্রহণ করেছিলেন। 


তিনি রাজনৈতিক সেবা সেবামূলক কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগতভাবে বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, পরিচালনা ও আর্থিক সহায়তা করে আসছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— তার সিলেটে প্রতিষ্ঠিত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

জামায়াত, আমির, নির্বাচিত,মৌলভীবাজার, ডা. শফিকুর রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ