২০ এপ্রিল ২০২৬

অনিয়ম-দুর্নীতি

যুক্তরাজ্য প্রবাসী পরিবারের বাড়ি–জমি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

গোবিন্দ দেব, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১ নভেম্বর, ২০২৫ ৬:০৯ অপরাহ্ন



সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশার কান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসী পরিবারের বাড়ি ও জমি দখল, হয়রানি ও হুমকির অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে লন্ডন থেকে বাংলাদেশে আসেন হিউম্যান রাইটস ইউকে শাখার প্রেসিডেন্ট ও সাংবাদিক রহমত আলী এবং লন্ডন প্রবাসী দারিস মিয়ার ছেলে ফজল মিয়া হরিপুর গ্রামে। তাঁরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে অভিযোগের তথ্য সংগ্রহ করেন।

প্রবাসী মখলিছুর রহমানের মেয়ে হামিদা আক্তার বলেন, ‘আমরা সবাই যুক্তরাজ্য প্রবাসী। দেশে না থাকার সুযোগে আশার কান্দি ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কালাম রাসেল ভুয়া কাগজপত্র তৈরি করে আমাদের জমি ও বসতভিটার অংশ দখল করেছেন। আদালতের রায়ে আমাদের পক্ষে রায় এলেও তিনি দখল ছাড়েননি।’

তিনি আরও বলেন, ‘জমি পুনরুদ্ধারের চেষ্টা করলে রাসেল তাঁর লোকজন নিয়ে বাধা দেন, উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এমনকি আমাদের বাড়ির মালামালও চুরি করিয়ে নিয়ে গেছে।’

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ইউকে–এর প্রেসিডেন্ট রহমত আলী বলেন, ‘আমরা প্রবাসী পরিবারের অভিযোগ যাচাই করতে এসেছি। এখানে এসে দেখেছি, যুবলীগ নেতা রাসেল মিয়া প্রভাব খাটিয়ে জাল দলিল তৈরি করেছেন। আদালতে সেটি প্রমাণিতও হয়েছে।’

এদিকে লন্ডন প্রবাসী ফজল মিয়া বলেন, ‘আমরা আমাদের পৈতৃক সম্পত্তি দেখতে এসেছি। কিন্তু আমাদের আত্মীয় যুবলীগ নেতা রাসেল মিয়া নানা অন্যায় করছেন এবং আমাদের হয়রানি করছেন।’

ভুক্তভোগী পরিবারের সদস্য হামিদা বেগম অভিযোগ করেন, স্থানীয় থানার এক উপপরিদর্শক (এসআই) শাকিবের সহযোগিতায় টাকার বিনিময়ে তাঁর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে এ ঘটনায় যুক্তরাজ্য অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামের কাছে সহায়তা ছেয়ে আবেদন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য হামিদা বেগম। এঘটনায় হাইকমিশনার থেকে সুনামগঞ্জে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বেদখল হওয়া জায়গা উদ্ধারে নির্দেশনাও প্রদান করা হয়েছে। 

এ ঘটনায় বর্তমানে যুবলীগ নেতা আবুল কালাম রাসেল পলাতক রয়েছেন। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।


শেয়ার করুনঃ

অনিয়ম-দুর্নীতি থেকে আরো পড়ুন

যুক্তরাজ্য, জগন্নাথপুর, যুবলীগ, হাই কমিশনার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ