২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

তরুণদের ভাবনায় রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার খন্দকার মুক্তাদিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ অক্টোবর, ২০২৫ ১০:১৮ অপরাহ্ন


দেশে দুর্নীতির মূল শেকড় জবাবদিহির অভাবে তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, আমাদের দেশে এখন যে দুর্নীতি চলছে, এর অন্যতম কারণ হলো জবাবদিহির সংস্কৃতি হারিয়ে গেছে। নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকার গঠনের পর জনগণের কাছে জবাবদিহি করার প্রয়োজন পড়ে না। আগে দুর্নীতি ছিল, তবে এখন তা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতি থেকে বের হতে হলে প্রথমে জবাবদিহি ফিরিয়ে আনতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সিলেট নগরের মেন্দিবাগের জালালাবাদ গ্যাস মিলনায়তনে আয়োজিত ‘নীতি নির্ধারণে তরুণ ভাবনা: সংলাপে খন্দকার মুক্তাদির’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন কলেজ–বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তরুণ-তরুণীরা অংশ নেন এবং সমাজ, রাষ্ট্র, রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থাসহ নানা বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন।

খন্দকার মুক্তাদির বলেন, আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে তরুণদের চিন্তাভাবনা ও প্রস্তাবকে নীতি নির্ধারণের অংশ করা হবে। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে তাঁদের পরামর্শ সরাসরি কাজে লাগানো হবে।

তরুণদের রাজনীতি থেকে বিমুখ হওয়ার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেকে মনে করেন রাজনীতি মানেই দুর্নীতি বা ধান্ধাবাজি। এই ভুল ধারণা থেকে তরুণদের বেরিয়ে আসতে হবে। যদি ভালো মানুষ রাজনীতিতে না আসে, তাহলে কম যোগ্য লোকেরা আপনাদের শাসন করবে এর দায় কিন্তু আপনাদেরই।

তিনি আরও বলেন, রাজনীতি মানে ক্ষমতা নয়, বরং দেশের প্রতি দায়িত্ববোধ। তরুণদের অংশগ্রহণ ছাড়া একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়।

তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের মতামতকে গুরুত্ব দিয়ে বাস্তব সমস্যাগুলোর সমাধানে কাজ করবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, খন্দকার মুক্তাদির, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ