২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
আরো পড়ুন:
প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২৫ ৬:০৪ অপরাহ্ন
সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া আহমদের জামিন মুক্তিতে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। বুধবার ( ৩০ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।
এর আগে গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে জাকারিয়া আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বিস্ফোরকসহ ছয়টি মামলা রয়েছে। সবকটি মামলার এজহারনামীয় আসামী তিনি। গ্রেপ্তারের পর সকালে তাকে আদালতে পাঠায় পুলিশ। অবশ্য এদিনই গ্রেপ্তারের ১২ ঘণ্টার মাথায় জামিনে মুক্তি পান জাকারিয়া।
জামিনে মুক্তির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তারা জানান, ‘জাকারিয়া অতীতে বিরোধী দল কোন সমাবেশ আহ্বান করলেই পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন। আবার হরতাল-অবরোধে জোরপূর্বক যানবাহন চালু রাখতে ইচ্ছার বিরুদ্ধে মালিক শ্রমিকদের বাধ্য করেছেন। আজ সেই ব্যক্তি অভাবনীয় দ্রুততায় একসাথে এতগুলো মামলায় জামিন পাওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। একই ধরনের মামলায় আপাত দৃষ্টিতে ক্ষেত্র বিশেষে ভিন্ন আচরণ আদালতের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে না মর্মে আশঙ্কা বিরাজমান।‘
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘সিলেট জেলা ও মহানগর বিএনপি মনে করে, বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মনগড়া মামলাগুলোতে জামিন নিতে মাসের পর মাস লড়তে হয়েছে। এমনকি উচ্চ আদালত থেকেও বারবার জামিন প্রত্যাখ্যাত হয়েছে। অথচ আওয়ামীপন্থী ব্যক্তি মাত্র কয়েক ঘণ্টায় জামিন লাভ করায় বিচারিক স্বচ্ছতা ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।‘
অনতিবিলম্বে একটি স্বাধীন, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি প্রশাসনিক দুর্বলতা চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।