২০ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

সিলেটে আবারও বন্যা: বিপৎসীমার উপরে বইছে সুরমা-কুশিয়ারার পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১:৩৬ অপরাহ্ন

ছবিঃ ফাইল থেকে।

সিলেট বিভাগে আবারও স্বল্পমেয়াদে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে সোমবার কুশিযারা নদীর পানি একটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করার পর থেকে এখন পর্যন্ত তিনটি পয়েন্টে বিপৎসীমার উপরে বইছে সুরমা ও কুশিয়ারা।

 

বুধবার সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বন্যা পরিস্থিতির বুলেটিনে বলা হয়েছে যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং আগামী ২ দিন পানি সমতল হ্রাস পাবে।


পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ নদী বিপৎসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।


একই সময়ে কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলশীদ পয়েন্টে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অমলশীদে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার উপরে দিয়ে এবং ফেঞ্চুগঞ্জে বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছিলো।


তবে এ সময়ের মধ্যে কুশিয়ারা নদীর পানি বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর থেকে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে নেমেছে।


বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের কিছু জায়গা ছাড়াও ভারতের মেঘালয় ও আসামে ভারি থেকে অতি-ভারি বৃষ্টিপাত হয়েছে এবং পরবর্তী ২৪ ঘন্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

 

একই সময়ে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহেশখোলাতে ১১২ মিলিমিটার, সুনামগঞ্জ শহরে ৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ৯১ মিলিমিটার ও মাউসিনরামে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, বন্যা, সুরমা, কুশিয়ারা, বিপৎসীমা,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ