১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / নোটিশ

জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি

সিলেটের জেলা প্রশাসককে আদালতের কারণ দর্শানোর নোটিশ

‘নিয়ম বহির্ভূতভাবে‘ জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির অ্যাডহক কমিটি গঠন ও হিসাব পরিচালনার দায়ে সমিতির সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী সিলেটের জেলা প্রশাসকসহ ১২জনের বিরুদ্ধে আদালতে মোকদ্দমা দাখিল করেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ন


সিলেটের জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির অ্যাডহক কমিটি গঠন ও হিসাব পরিচালনার বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে বিচারক এই আদেশ দেন। রোববার (২৭ এপ্রিল) রাতে মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 


এর আগে গত  ‘নিয়ম বহির্ভূতভাবে‘ জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির অ্যাডহক কমিটি গঠন ও হিসাব পরিচালনার দায়ে সমিতির সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী সিলেটের জেলা প্রশাসকসহ ১২জনের বিরুদ্ধে আদালতে মোকদ্দমা দাখিল করেন। জেলা প্রশাসক জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির পদাধিকার বলে সভাপতি। 


মোকদ্দমায় সমিতির সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক নির্দিষ্ট দায়িত্ব বহির্ভূত কোনো কার্যক্রম দ্বারা সমিতি পরিচালনা, তহবিল বা স্থাবর অস্থাবর সম্পত্তি বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করতে না পারেন, সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন আদেশসহ অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন করলে আদালত তা আমলে নিয়ে ১নং বাদিকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। 


মোকদ্দমায় বিবাদীরা হলেন, সিলেটের জেলা প্রশাসক ও জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ শের মাহবুব মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক ও সমিতির সহসভাপতি মো. আনোয়ারুজ্জামান। 


এছাড়াও মামলায় বিভাগীয় কমিশনার, রুপালী ব্যাংকের ইসলামপুর করপোরেট শাখার ব্যবস্থাপক, সিলেটের সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, সিলেট বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক, সুবিদবাজার এলাকার মৃত গোলাম রাব্বানী চৌধুরীর ছেলে মাহবুব ছোবহান চৌধুরী, অ্যাডভোকেট কাওছার আহমদ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারকে বিবাদী করা হয়েছে।


আদালতে দাখিল করা মোকদ্দমায় বাদীপক্ষ উল্লেখ করেন, ১৯৬৪ সালে গঠিত জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি একটি সেবামূলক প্রতিষ্ঠান। মোকদ্দমার ১নং বিবাদী পদাধিকার বলে সমিতির সভাপতি। গঠনতন্ত্রের ১৩ নম্বর অনুচ্ছেদে সভাপতির নির্দিষ্ট দায়িত্ব কর্তব্য সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।  


মামলায় বাদীপক্ষ অভিযোগ করেছেন, সমিতির বর্তমান কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন কার্যকরি কমিটি গঠনের লক্ষ্যে গত বছরের ৭ ডিসেম্বর সমিতির সম্মেলন কক্ষে সাধারণ সভা আহ্বান করেন। কিন্তু সভায় কোরাম পূর্ণ না হওয়ায় কোনো সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়নি। তাই বিধি মোতাবেক সভা মূলতবি করা হয়।   


কিন্তু ২নং বিবাদী সমিতির সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ারুজ্জামান জেলা প্রশাসককে সভাপতি ও মামলার বিবাদী কয়েকজন সরকারি কর্মকর্তাকে সদস্য করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে মর্মে প্রচার করেন। 


শুধু তাই নয়, ১ নং বিবাদী সমিতির প্যাডে সীলবিহীন একটি পত্রের মাধ্যমে কর্মচারীদের বেতন-ভাতা ও অপারেশনের জন্য ভর্তি রোগীদের ডায়েট বিল বাবদ বিভিন্ন অঙ্কের তিনটি চেক স্বাক্ষরযুক্ত মতে প্রেরণ করে নির্দেশিত মতে স্থানান্তরের নির্দেশ দেন।  


মোকদ্দমায় উল্লেখ করা হয়, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির গঠনতন্ত্রের ১৩ (খ) অনুচ্ছেদ অনুযায়ী সভাপতি হিসেবে কোনো চেক স্বাক্ষর কিংবা অর্থ উত্তোলন করার বিধান নাই।   


মামলায় আরও উল্লেখ করা হয়, ১ নং বিবাদির উদ্দেশ্যমূলক, আইন ও এখতিয়ার বহির্ভূত কার্যক্রমের ফলে সমিতির তহবিল, স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং জনহিতকর কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার উপক্রম। 


মোকদ্দমায় ১নং বিবাদি জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক নির্দিষ্ট দায়িত্ব বহির্ভূত কোনো কার্যক্রম দ্বারা সমিতি পরিচালনা, তহবিল বা স্থাবর অস্থাবর সম্পত্তি বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করতে না পারেন সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন আদেশসহ অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন করলে আদালত তা আমলে নিয়ে ১নং বাদিকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। 


এ বিষয়ে জানতে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাঁড়া দেননি। 


মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য সিলেট ভয়েসকে বলেন, সমিতির সাধারণ সম্পাদক আদালতে একটি মামলার আবেদন করেছেন। এতে তিনি ১নং বিবাদি সমিতির সভাপতি ও জেলা প্রশাসকের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন আদেশসহ অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন করলে আদালত তাকে (জেলা প্রশাসক) ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছেন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, জালালাবাদ চক্ষু হাসপাতাল, সিলেটের জেলা প্রশাসক, মোহাম্মদ শের মাহবুব মুরাদ, আদালত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ