৩০ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মোয়াজ্জিনদের জন্য নীতিমালা করা হবে: লুনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ আগস্ট, ২০২৫ ৪:১৩ অপরাহ্ন


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-২ আসনের সাবেক সাংসদ নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি একটি উদার রাজনৈতিক দল এবং ইসলামি মূল্যবোধে বিশ্বাসী। বিএনপি ক্ষমতায় থাকাকালে ইমাম-মোয়াজ্জিনদের যথাযথ মূল্যায়ন করা হয়েছিল। কিন্তু বর্তমান ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার’ তাদের কোনো গুরুত্ব দেয়নি। বরং ইসলামী পাঠ্যবইয়ে বিশেষ ব্যক্তির নাম সংযোজন করে ইসলামী মূল্যবোধকে অবমূল্যায়ন করেছে।

রোববার (১৭ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে ইমাম-মোয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লুনা বলেন, ‘ইমাম ও মোয়াজ্জিনরা মানুষকে সঠিক পথে চালিত করেন। অথচ তারাই সমাজে সবচেয়ে অবহেলিত। তাদের বেতন খুবই কম। বিএনপি ক্ষমতায় গেলে সম্মানজনক বেতন-ভাতা নির্ধারণ করে চাকরির নীতিমালা প্রণয়ন করা হবে।’

তিনি আরও বলেন, সমাজের উন্নয়নে ইমামদের অবদান সবচেয়ে বেশি। মাঠপর্যায়ে সরকারের নানা সিদ্ধান্ত বাস্তবায়নে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জঙ্গিবাদ দমন, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ নিরসনসহ নানা সামাজিক কার্যক্রমে ইমামদের সম্পৃক্ততা রয়েছে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায়ও ইমামদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন মাওলানা মাহমুদুর রহমান মিলাদ, সামসুল ইসলাম জুনেদ, মাওলানা আব্দুন নুর, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সাইফুল ইসলাম, ফেরদাউসুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন, মুফতি আবু বক্কর, মাওলানা সাইফুর রহমান, আব্দুল্লা আল জামিল, পৌরসভা ইমাম সমিতির সভাপতি মাওলানা খালেদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, মাওলানা ছাইদ আহমদ প্রমুখ।

শেষে এম ইলিয়াস আলীসহ গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বিএনপি, ইলিয়াস আলী, বিশ্বনাথ, সিলেট, তাহসিনা রুশদীর লুনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ